ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। বৃহস্পতিবার (৭ মে) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নিয়োগের শর্তাবলি
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১৩(১) অনুযায়ী তাকে প্রো-ভিসি (প্রশাসন) পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। এ পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন। এ ছাড়া তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজন হলে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
শিক্ষাজীবন ও গবেষণা
অধ্যাপক ড. আলমোজাদ্দেদী আলফেছানী দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি একই বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে বিএসসি (সম্মান) ও এমএসসি পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরে সেখান থেকেই পিএইচডি ডিগ্রি লাভ করেন। গবেষণায় অবদানের জন্য তিনি বাংলাদেশ অ্যাকাডেমি অব সায়েন্স থেকে ‘অ্যাসোসিয়েট ফেলো’ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ‘ক্যাপস্টোন ফেলো’ নির্বাচিত হন।
পেশাগত দায়িত্ব
বর্তমানে তিনি আন্তর্জাতিক গবেষণা সাময়িকী ‘বাংলাদেশ জার্নাল অব প্ল্যান্ট ট্যাক্সোনমি’র প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সাবেক সম্পাদক, জীববিজ্ঞান অনুষদ সাদা দলের সাবেক আহ্বায়ক, ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের সাবেক মহাসচিব এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর বর্তমান যুগ্ম মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।



