প্রাথমিক শিক্ষায় ডিজিটাল রূপান্তরে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী
প্রাথমিক শিক্ষায় ডিজিটাল রূপান্তরে কাজ করছে সরকার

প্রাথমিক শিক্ষায় ডিজিটাল রূপান্তরে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজাজ বলেছেন, সরকার দেশের প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও আনন্দদায়ক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে নিরলস কাজ করছে।

প্রধানমন্ত্রী তারিক রহমানের নেতৃত্বে সরকার সময়োপযোগী ও অন্তর্ভুক্তিমূলক স্মার্ট প্রাথমিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।

মঙ্গলবার সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে অধিদপ্তরের নতুন উন্নয়ন প্রকল্প নিয়ে পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সমন্বিত ডিজিটাল শিক্ষা ইকোসিস্টেম

একটি সমন্বিত ডিজিটাল শিক্ষা ইকোসিস্টেম গড়ে তোলার ওপর জোর দিয়ে তিনি বলেন, 'ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা প্রযুক্তিনির্ভর হবে। লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস), স্মার্ট অ্যাসেসমেন্ট ও স্কুল ম্যানেজমেন্ট সবকিছু একটি ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনা হবে।'

শিক্ষার মান ও প্রশিক্ষণের উন্নয়ন প্রসঙ্গে ববি হাজাজ বলেন, বর্তমানে মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞানের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ভাষা শিক্ষায় পড়ার বোধগম্যতা, শোনা ও বলার দক্ষতা বাড়াতে বাংলাদেশ নতুন করে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা কঠোরভাবে মেনে চলতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

১৩টি নতুন উন্নয়ন প্রকল্প

সভায় জানানো হয়, প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নের জন্য ১৩টি নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা ইতোমধ্যে সরকারের 'গ্রিন পেজে' অন্তর্ভুক্ত হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প, ১১টি সিটি করপোরেশনে মডেল স্কুলের অবকাঠামো উন্নয়ন, জীর্ণ বিদ্যালয় সংস্কার, খেলার মাঠ উন্নয়ন, প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষ সজ্জীকরণ, মধ্যাহ্নভোজ কর্মসূচির দ্বিতীয় পর্যায়, নেক্সটজেন প্রাথমিক শিক্ষা কর্মসূচি এবং পার্বত্য জেলায় বিদ্যুৎবিহীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোলার বিদ্যুতায়ন প্রকল্প।

এছাড়া দেশব্যাপী প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের (পিটিআই) অবকাঠামো উন্নয়ন এবং ইউনিয়ন পর্যায়ে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়নও তালিকায় রয়েছে।

পরে প্রতিমন্ত্রী 'প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি' (পিইডিপি-৫) নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সভায় অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রকল্পের বাস্তবায়ন কৌশল ও মনিটরিং ব্যবস্থা নিয়ে নিজস্ব মতামত তুলে ধরেন।