শিক্ষার্থীদের জন্য আসছে বিদ্যুৎচালিত বাস, শুল্ক-কর অব্যাহতি
শিক্ষার্থীদের জন্য আসছে বিদ্যুৎচালিত বাস, শুল্ক-কর অব্যাহতি

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষার্থীদের জন্য বিদ্যুৎচালিত বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও জ্বালানি মজুত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্য সংঘাত বা পরিস্থিতি নিয়ে এখনো উদ্বেগ আছে। যেকোনো সময় পরিস্থিতির অবনতি হতে পারে। তবে দেশে প্রয়োজনীয় জ্বালানি তেল মজুত আছে। জ্বালানির ওপর চাপ কমাতে বিদ্যুৎচালিত বাস নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য এ বাস সার্ভিস চালু হবে।

এনবিআরের প্রজ্ঞাপন

এর আগে গত ২৭ এপ্রিল এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন (এসআরও) জারি করে এনবিআর। এতে বলা হয়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা অনুরূপ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহণের জন্য ব্যবহৃত ইলেক্ট্রিক বাস আমদানিতে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, মূল্য সংযোজন কর (ভ্যাট), সম্পূরক শুল্ক, আগাম কর (এটি) এবং অগ্রিম আয়করসহ সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দেওয়া হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শর্তাবলি ও আবেদন প্রক্রিয়া

শিক্ষাপ্রতিষ্ঠান নিজে কিংবা প্রতিষ্ঠানের পক্ষে অন্য কোনো সংস্থা শিক্ষার্থী পরিবহণের উদ্দেশ্যে এসব বাস আমদানি করলেও একই সুবিধা প্রযোজ্য হবে। তবে এসব বাসের রঙ হতে হবে হলুদ এবং ‘স্কুল’, ‘কলেজ’ বা ‘স্টুডেন্ট বাস’ শব্দগুলো স্পষ্ট করে দৃশ্যমানভাবে লিখতে হবে। এছাড়া কোনো ধরনের শুল্ক-কর পরিশোধ ছাড়াই বাস আমদানির জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এনবিআরে আবেদন করলে ১০ কার্যদিবসের মধ্যে আবেদন নিষ্পত্তি করা হবে বলেও জানিয়েছে এনবিআর।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ