পদার্থবিজ্ঞান: সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন
যান্ত্রিক ত্রুটি কী?
স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে, মূল স্কেলের চোয়াল ও ভার্নিয়ার স্কেলের চোয়াল যখন পরস্পরের সংস্পর্শে থাকে, তখন সাধারণত ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের শূন্য দাগের সঙ্গে মিলে যায়। যদি ভার্নিয়ার স্কেলের ও মূল স্কেলের শূন্য দাগ না মেলে, তবে ওই যন্ত্রে যান্ত্রিক ত্রুটি বিদ্যমান বলে ধরা হয়। অন্যদিকে, স্ক্রুগজের ক্ষেত্রে, বৃত্তাকার স্কেলের শূন্য দাগ যখন রৈখিক স্কেলের শূন্য দাগের সঙ্গে সঙ্গতিপূর্ণ না হয়, তখন যন্ত্রে ত্রুটি আছে বলে বিবেচিত হয়। এই ত্রুটিকেই যান্ত্রিক ত্রুটি বলা হয়।
এসআই (SI) একক বলতে কী বোঝায়?
এসআই একক-এর পূর্ণরূপ হলো International System of Units, যা বাংলায় 'এককের আন্তর্জাতিক পদ্ধতি' নামে পরিচিত। সংক্ষেপে এটি SI (এসআই) হিসেবে চিহ্নিত। প্রাচীনকাল থেকেই দৈনন্দিন কাজকর্ম ও ব্যবসা-বাণিজ্যের জন্য মাপজোখের বিভিন্ন পদ্ধতি প্রচলিত ছিল। তবে বৈজ্ঞানিক তথ্য আদান-প্রদান ও বাণিজ্যের প্রসারের কারণে সারা বিশ্বে একীভূত মাপের প্রয়োজন দেখা দেয়। এই প্রয়োজন মেটাতে ১৯৬০ সাল থেকে বিভিন্ন রাশির জন্য একীভূত একক চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়, যা এককের আন্তর্জাতিক পদ্ধতি বা সংক্ষেপে এসআই (SI) নামে পরিচিত।
স্ক্রুগজের ত্রুটি ব্যাখ্যা
স্ক্রুগজের মাথা যখন স্থায়ী কীলক বা সমতল প্রান্ত স্পর্শ করে, তখন বৃত্তাকার স্কেলের শূন্য দাগ রৈখিক স্কেলের শূন্য দাগের সঙ্গে মিলে যাওয়া উচিত। যদি তা না মেলে, তবে যান্ত্রিক ত্রুটি বিদ্যমান। বৃত্তাকার স্কেলের শূন্য দাগ যদি রৈখিক স্কেলের শূন্য দাগের নিচে অবস্থান করে, তাহলে ত্রুটিটি ধনাত্মক (+e) হিসেবে গণ্য হয়। অপরদিকে, বৃত্তাকার স্কেলের শূন্য দাগ রৈখিক স্কেলের শূন্য দাগের ওপরে থাকলে ত্রুটিটি ঋণাত্মক (-e) হিসেবে চিহ্নিত হয়।
লঘিষ্ঠ গণন কী?
স্ক্রুগজের বৃত্তাকার স্কেলের মাত্র এক ভাগ ঘোরালে স্ক্রুটি যতটুকু সরে আসে, তাকে লঘিষ্ঠ গণন বা লঘিষ্ঠমান বলে। স্ক্রুগজ ব্যবহার করে পাঠ নেওয়ার আগে লঘিষ্ঠ মান নির্ণয় করা আবশ্যক। প্রথমে বৃত্তাকার স্কেলের শূন্য দাগের সঙ্গে রৈখিক স্কেলের শূন্য দাগ মিলিয়ে নিতে হয়। বৃত্তাকার স্কেলটিকে একবার সম্পূর্ণ ঘোরালে এর সরণ ও রৈখিক স্কেল বরাবর অতিক্রান্ত দৈর্ঘ্যকে দৌড় বা পিচ বলা হয়। যন্ত্রের পিচকে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা দ্বারা ভাগ করলে লঘিষ্ঠ মান পাওয়া যায়।
এস এম আসাদুজ্জামান, প্রভাষক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা



