মাধ্যমিক স্কুল, দাখিল মাদ্রাসা ও কারিগরি (ভোকেশনাল) শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শারীরিক শিক্ষার শিক্ষকদের জন্য ৩৫তম রিফ্রেশার্স কোর্স আগামী ৮ মে শুরু হচ্ছে। সাত দিনব্যাপী এই প্রশিক্ষণ চলবে ১৪ মে পর্যন্ত।
প্রশিক্ষণের আয়োজন ও তালিকা প্রকাশ
চট্টগ্রাম বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজ, হালিশহরে আয়োজিত এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ১০০ জন শিক্ষককে মনোনীত করে তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার (৪ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
যাতায়াত ও থাকার ব্যবস্থা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা (টিএ/ডিএ) শারীরিক শিক্ষা বিভাগ বহন করবে। তবে বাস বা ট্রেনের টিকিট সংরক্ষণ করে টিএ বিলের সঙ্গে জমা দিতে হবে। এক্ষেত্রে এসি শ্রেণির টিকিট গ্রহণযোগ্য হবে না। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কলেজে অবস্থানের জন্য প্রয়োজনীয় বিছানাপত্র—যেমন বালিশ, কাঁথা, তোষক, মশারি ও বিছানার চাদর—নিজ দায়িত্বে সঙ্গে আনতে বলা হয়েছে।
প্রশিক্ষণার্থীদের জন্য নির্দেশনা
প্রত্যেক প্রশিক্ষণার্থীকে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, এক জোড়া কেডস এবং প্রতিষ্ঠান প্রধানের ছাড়পত্র সঙ্গে রাখতে হবে। মাউশির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মনোনীত শিক্ষক-শিক্ষিকাদের আগামী ৭ মে বিকেল ৪টার মধ্যে চট্টগ্রাম বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজে রিপোর্ট করতে হবে। প্রশিক্ষণার্থীদের আগামী ৬ মে বিকেল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে। ৭ থেকে ১৫ মে পর্যন্ত প্রশিক্ষণকাল কর্তব্যরত ছুটি হিসেবে বিবেচিত হবে।
অংশগ্রহণ না করলে শাস্তি
তালিকাভুক্ত কোনো শিক্ষক বা শিক্ষিকা প্রশিক্ষণে অংশগ্রহণ না করলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।



