টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিংস ২০২৬–এ আঞ্চলিক অঙ্গনে আবারও নিজেদের শক্ত অবস্থান প্রমাণ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। এপ্রিলের শেষ সপ্তাহে প্রকাশিত এই র্যাংকিংসে এনএসইউ ৩৫১–৪০০ ধাপে স্থান পেয়েছে। এই অর্জনের মাধ্যমে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথভাবে শীর্ষ স্থান অধিকার করেছে এনএসইউ, একই অবস্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান
বাংলাদেশের সরকারি–বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সর্বোচ্চ অবস্থানে রয়েছে। তারা ৩০১–৩৫০ ধাপে স্থান পেয়েছে।
র্যাংকিংয়ের মূল্যায়ন পদ্ধতি
টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিংস ২০২৬–এ ৩৬টি দেশ ও অঞ্চলের মোট ৯২৯টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়। শিক্ষাদান, গবেষণা, জ্ঞানের বাস্তব প্রয়োগ ও আন্তর্জাতিক সংযোগ—এই প্রধান সূচকগুলোর ওপর ভিত্তি করে ১৮টি মানদণ্ডে বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম মূল্যায়ন করা হয়েছে।
উপাচার্যের প্রতিক্রিয়া
এ অর্জন নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘এই স্বীকৃতি আমাদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা–কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা ও পরিশ্রমের প্রতিফলন। আমরা আমাদের একাডেমিক মান উন্নয়ন, গবেষণা কার্যক্রম জোরদার ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে এনএসইউকে বৈশ্বিক পর্যায়ে আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।’
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। ক্যাম্পাস থেকে আরও পড়ুন: বেসরকারি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা।



