জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার (৩ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এ ফল প্রকাশ করেন। ভর্তি পরীক্ষায় পাসের হার ৮০.৩৬ শতাংশ। পরীক্ষায় অংশ নেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন। এর মধ্যে পাস করেছেন ৩ লাখ ৬৪ হাজার ১৩৫ জন।
মেধা তালিকা
ভর্তি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ২৯ হাজার ৭৬৫ জন। প্রথম মেধা তালিকায় মানবিক বিভাগের শিক্ষার্থী ১ লাখ ১৩ হাজার ৩৯৪ জন। বিজ্ঞান বিভাগের ৬৫ হাজার ৩৩৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের রয়েছেন ৫১ হাজার ৩৪ জন। গত ২৫ এপ্রিল শনিবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের এক সপ্তাহের মধ্যে এই ফল প্রকাশ করা হলো।
ফলাফল দেখার পদ্ধতি
মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানতে NU<space>ATHN<space>তারপর রোল নম্বর টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ফল জানা যাবে। অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Honour’s Tab এ গিয়ে Admission Test Result অপশনে যেতে হবে। এ ছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এর Prospectus (Honours)/Important Notice অপশন থেকে পাওয়া যাবে।
ফল প্রকাশ অনুষ্ঠান
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, ফল প্রকাশের সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম এবং বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরীক্ষার বিবরণ
এর আগে গত ২৫ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভাগীয় ও জেলা শহরের ১৩৮টি কেন্দ্রে একযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।



