প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি: খাদ্য মান যাচাইয়ে জরুরি নির্দেশনা
প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি: খাদ্য মান যাচাইয়ে নির্দেশনা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ফিডিং কর্মসূচি’ বাস্তবায়নে খাদ্যের মান নিশ্চিতে জরুরি নির্দেশনা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শনিবার (১৬ মে) মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো নির্দেশনায় বলা হয়, এই কর্মসূচিতে অনিয়ম পাওয়া গেলে বিভাগীয় মামলাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নির্দেশনার পটভূমি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ১৩ মে জারি করা অফিস আদেশে বলা হয়, বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পচা বনরুটি, পচা ডিম, আকারে ছোট ও পচা কলা বিতরণসহ নানা অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত হওয়ার পাশাপাশি শিশুদের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। তাই খাদ্যের মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

খাদ্য যাচাইয়ের নির্দেশনা

অফিস আদেশে প্রধান শিক্ষকদের জন্য বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। খাদ্য গ্রহণ ও বিতরণের আগে সরবরাহকারীর দেওয়া খাবারের মান ও পরিমাণ স্পেসিফিকেশন অনুযায়ী সঠিক কিনা নিশ্চিত করতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ে (কল অব কার্যাদেশ অনুযায়ী) খাদ্য গ্রহণ ও বিতরণ নিশ্চিত করতে হবে। খাদ্যদ্রব্যের ধরন অনুযায়ী বিদ্যালয় পর্যায়ে উপযুক্ত সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে গুণগত মান বজায় থাকে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশেষ করে বনরুটি তাজা, নরম ও সঠিকভাবে মোড়কজাত কিনা পরীক্ষা করতে হবে। প্যাকেজিং অক্ষত, ছিঁড়ে যাওয়া বা আর্দ্রতা মুক্ত এবং পচন, ফাঙ্গাস বা দুর্গন্ধমুক্ত হতে হবে। প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং নেট ওজন (১২০ গ্রাম) উল্লেখ আছে কিনা যাচাই করতে হবে। ডিম ফাটা, দুর্গন্ধযুক্ত ও পিচ্ছিলতা বা দৃশ্যমান দূষণ আছে কিনা দেখতে হবে। কলা দাগ বা পোকামুক্ত হতে হবে, বেশি পাকা বা পচা কলা গ্রহণ বা বিতরণ করা যাবে না।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইউএইচটি মিল্ক ও ফটিফাইড বিস্কুটের ক্ষেত্রে প্যাকেজিং অক্ষত, প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং নেট ওজন উল্লেখ আছে কিনা যাচাই করতে হবে। সরবরাহ করা খাদ্য সামগ্রী যাচাই করে গ্রহণ করতে হবে এবং কোনোক্রমেই নিম্নমানের ও ত্রুটিপূর্ণ খাবার সরবরাহকারীদের কাছ থেকে গ্রহণ করা যাবে না।

অনিয়মে কঠোর ব্যবস্থা

নির্দেশনায় বলা হয়, এ বিষয়ে কোনো ধরনের গাফেলতি, শৈথিল্য ও অনিয়ম পাওয়া গেলে বিভাগীয় মামলা ও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সরবরাহকারী প্রতিষ্ঠান কর্তৃক নিম্নমানের ত্রুটিপূর্ণ খাবার সরবরাহ করলে তা গ্রহণ না করে তাৎক্ষণিকভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে।