জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আগামী প্রজন্মকে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
বিদ্যালয় ভবন উদ্বোধন
বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টায় উত্তর রহিমাপুর মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার গুণগত মান
এটিএম আজহারুল ইসলাম বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন করলেই শিক্ষার মান বাড়বে না। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হলে বিদ্যালয়ের সংশ্লিষ্টদের পাশাপাশি পরিবার ও সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক। তাই সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিভিত্তিক শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে।
নৈতিকতা ও দেশপ্রেম
এটিএম আজহারুল ইসলাম বলেন, একই সঙ্গে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ প্রয়োজন। প্রাথমিক শিক্ষা একটি শিশুর ভবিষ্যৎ জীবনের ভিত্তি রচনা করে। এ স্তর থেকেই শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে এবং বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির এসএম আলমগীর হোসেন, সেক্রেটারি ইয়াকুব আলী, প্রভাষক আমিনুল ইসলাম, যুব বিভাগের সভাপতি কাজী শামসুল হুদা প্রমুখ।



