গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, আগামী বাজেটে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস শুল্কমুক্ত করা হচ্ছে। এটা আমাদের প্রধানমন্ত্রীর অঙ্গীকার। শুক্রবার (১৫ মে) দুপুর ১২টায় কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের জিয়া অডিটোরিয়ামে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ভিক্টোরিয়া কলেজের জন্য বিশেষ প্রকল্প
মন্ত্রী বলেন, এই ভিক্টোরিয়া কলেজের জন্য শতবর্ষী পুরনো প্রতিষ্ঠান হিসেবে প্রকল্প নেওয়া হচ্ছে। এই কলেজের জিয়া অডিটোরিয়ামের নামটি পর্যন্ত বিগত সময়ে মুছে দেওয়া হয়েছিল। অথচ ১৯৯৩ সালে বেগম খালেদা জিয়া ভিক্টোরিয়া কলেজে একটি বাস উপহার দিয়েছেন। সেটি শুধু ভিক্টোরিয়ার বাস হিসেবে আছে। সরকারের পক্ষ থেকে আমি চেষ্টা করব, অন্তত যেন আরও একটি বা দুটি বাস আসে। আর যদি সেটা না হয়, আমার বাবার একটি ফাউন্ডেশন আছে, একেএম আবু তাহের ফাউন্ডেশন। ইনশাআল্লাহ ওই ফাউন্ডেশন থেকে একটি বাসের বন্দোবস্ত করা হবে।
কুমিল্লার উন্নয়নে বিএনপির ভূমিকা
কুমিল্লার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, যতবারই বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, কুমিল্লার উন্নয়নে কাজ করেছে। বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কুমিল্লায় ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় এসেছিলেন, তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিয়েছেন ও ৫০০ শয্যার হাসপাতাল করেছেন। আমরা সবসময় আশাবাদী যে, আমাদের প্রধানমন্ত্রীও সেই ধারাবাহিকতা বজায় রাখবেন।
কুমিল্লাকে বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি
তিনি বলেন, অচিরেই কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা দেওয়া হবে। এই কুমিল্লা কৃষিনির্ভর এলাকা। আমাদের চাওয়া থাকবে, এই কুমিল্লায় যেন একটি কৃষি বিশ্ববিদ্যালয় হয়।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড
তিনি আরও বলেন, আপনারা জেনে খুশি হবেন, আমাদের সরকার মাত্র ৩ মাস ৩ দিনের। এর মধ্যে কুমিল্লার জন্য আমরা একটি উন্নয়ন কর্তৃপক্ষ আইন পাস করেছি এবং কুমিল্লা ওয়াসার প্রক্রিয়া চলছে। এটা প্রতিষ্ঠিত হওয়ার পর মহানগর এলাকাকে পরিকল্পনা করে যা করার দরকার, আমরা সবই করব।
অনুষ্ঠানে বক্তারা
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞার সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সিনিয়র সহসভাপতি মো. আমিরুজ্জামান আমির এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম প্রমুখ।



