শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এসএসসি পরীক্ষা দশ বছরে এবং এইচএসসি পরীক্ষা বারো বছরে সম্পন্ন করার লক্ষ্যে সিলেবাস সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার (১৩ মে) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ওয়ান গ্রিড সোলার প্রজেক্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরীক্ষার সিলেবাস ও সময়সীমা
মন্ত্রী বলেন, ‘আমরা আজকে তোমাদের পরীক্ষার বিষয়ে বসব। আমরা আলোচনা করব কীভাবে তোমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষাগুলোর সিলেবাস কাভার করে সময় নষ্ট না করে আমরা যেন ঠিক পথে এগিয়ে যেতে পারি।’ তিনি আরও বলেন, ‘তোমাদের জীবনে এসএসসি পাস করতে যেন দশ বছর স্কুলিং, বারো বছর স্কুলিং, কোনো সেশনজট যেন না হয়। তোমরা যেন পিছিয়ে না পড়ো। সেই জন্য আজকে আমরা বসব, আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। তোমাদের স্বার্থে যেটা করা দরকার সেটাই করব।’
পরীক্ষা পদ্ধতির উন্নয়ন
শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, ‘তবে পরীক্ষা সুন্দরভাবে তোমাদের দিতে হবে। দেখেছ তোমরা? এখন পরীক্ষা সুন্দর হচ্ছে। কী কারণে? সকলেই চায় সুন্দর পরীক্ষা। সকলেই চাও না?’ তিনি আরও বলেন, পাঠ্যসূচিতে ব্যাপক পরিবর্তনের প্রয়োজন রয়েছে এবং শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে হবে। পরীক্ষা পদ্ধতি আরও সুন্দর ও শৃঙ্খলিতভাবে সম্পন্ন করার চেষ্টা চলছে।



