শিক্ষার্থীর মাথায় বরফজমা বোতলের আঘাত: শিক্ষক গ্রেপ্তার
শিক্ষার্থীকে বরফজমা বোতলের আঘাত: শিক্ষক গ্রেপ্তার

নেত্রকোনার খালিয়াজুরীতে মুগ্ধ নামের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মাথায় বরফজমা পানির বোতল দিয়ে আঘাত করার অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত শিক্ষক কাউসার আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে উপজেলা শিক্ষা বিভাগের তদন্তেও শিক্ষার্থীকে আঘাত করার ঘটনার সত্যতা মিলেছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া গ্রামের একটি রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন।

মামলা ও গ্রেপ্তার

এর আগে বুধবার দুপুরে আহত শিক্ষার্থী মুগ্ধ তালুকদারের (১১) মামা বাদী হয়ে খালিয়াজুরী থানায় মামলা দায়ের করেন। মুগ্ধ মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামের হানিফ তালুকদারের ছেলে। বাবা-মা ঢাকায় কর্মরত থাকায় সে স্থানীয় নানার বাড়িতে থেকে রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত।

ঘটনার বিবরণ

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ মে দুপুরে বিদ্যালয়ে সহপাঠীদের সঙ্গে দুষ্টুমি করার সময় শিক্ষক কাউসার আহমেদ তাকে মারধর করেন। একপর্যায়ে বরফজমা পানির বোতল দিয়ে তার মাথায় সজোরে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে সে তাৎক্ষণিকভাবে জ্ঞান হারিয়ে ফেলে। পরে বাড়িতে ফিরলে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। রাতে একাধিকবার জ্ঞান হারানো, বমি এবং কান দিয়ে রক্ত বের হওয়ার ঘটনাও ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিটি স্ক্যানসহ উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিক্ষকের বক্তব্য

অভিযুক্ত শিক্ষক কাউসার আহমেদ মারধরের কথা স্বীকার করলেও গুরুতর আঘাতের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘শিক্ষার্থী অতিরিক্ত দুষ্টুমি করায় তাকে সামান্য শাসন করা হয়েছিল। খারাপ উদ্দেশ্যে আঘাত করা হয়নি।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মাওলা জানান, বৃহস্পতিবার শিক্ষক কাউসার আহমেদ বিদ্যালয়ে আসেননি। তার বিরুদ্ধে মামলা হওয়ার পর তিনি মৌখিকভাবে ছুটি নিয়েছিলেন।

তদন্তের ফলাফল

খালিয়াজুরী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. আজিমেল কদর বলেন, ‘তদন্তে শিক্ষক কাউসার আহমেদের বিরুদ্ধে শিক্ষার্থী মুগ্ধর মাথায় আঘাত করার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হয়েছে।’ খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, ‘এ ঘটনায় পেনাল কোড আইনে মামলা হওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’