প্রাথমিক শিক্ষায় সংগীত-নৃত্য চালুর প্রতিবাদে বিক্ষোভের ঘোষণা খেলাফত মজলিসের
প্রাথমিক শিক্ষায় সংগীত-নৃত্য চালুর প্রতিবাদে বিক্ষোভ

বাংলাদেশ খেলাফত মজলিস প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্য ও নাট্যকলা চালু করার উদ্যোগের প্রতিবাদে ১৮ জুন ঢাকায় এবং ১৯ জুন দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। আজ রোববার দুপুরে ঢাকার পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক থেকে এই কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

মামুনুল হকের সমালোচনা

বৈঠকে মাওলানা মামুনুল হক সরকারের প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্য ও নাট্যকলা চালু করার উদ্যোগের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, কোমলমতি শিশুদের শিক্ষাব্যবস্থায় নৈতিকতা, চরিত্রগঠন ও ধর্মীয় মূল্যবোধের পরিবর্তে বিতর্কিত সাংস্কৃতিক উপাদান বাধ্যতামূলক করার উদ্যোগ দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী। তিনি এ উদ্যোগ বাতিল করে প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা জোরদারের দাবি জানান।

দেশের বর্তমান সংকট প্রসঙ্গে

দেশ বর্তমানে গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে উল্লেখ করে মামুনুল হক বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধি, বেকারত্ব, দুর্নীতি, অর্থ পাচার ও ব্যাংকিং খাতের অনিয়মে জনগণ চরম দুর্ভোগে রয়েছে। এ পরিস্থিতিতে জাতীয় স্বার্থ, ইসলামি মূল্যবোধ ও জনগণের অধিকার রক্ষায় আদর্শভিত্তিক রাজনীতি, জাতীয় ঐক্য ও গণ-আন্দোলনের বিকল্প নেই।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাজেট ও নৈতিকতা প্রসঙ্গ

মামুনুল হক অভিযোগ করেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের মৌলিক সমস্যার কার্যকর সমাধানের সুস্পষ্ট রূপরেখা নেই। প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতির এ বাজেট ভবিষ্যতে জনগণের ওপর নতুন ঋণ ও করের বোঝা চাপাতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে রাষ্ট্রীয়ভাবে মদ উৎপাদন, বিপণন ও লাইসেন্স প্রদান এবং জুয়ার বিভিন্ন উপকরণকে প্রশ্রয় দেওয়া গ্রহণযোগ্য নয়। নৈতিক অবক্ষয় রোধে সরকারকে অবিলম্বে মদ, জুয়া ও সামাজিক অবক্ষয় সৃষ্টিকারী কার্যক্রম বন্ধে উদ্যোগ নিতে হবে।

বৈঠকে অন্যান্য বক্তা

বৈঠকে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আবদুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, মাওলানা শরীফ সাইদুর রহমান প্রমুখ। বৈঠক পরিচালনা করেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।