শরীয়তপুরের গোসাইরহাটে একটি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে গোসাইরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ।
আহত ও আটকের বিবরণ
আহত উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নাম শাকিল আহমেদ। আটক জসিম উদ্দীন গোসাইরহাট উপজেলার আলওয়ালপুর ইউনিয়নের চরজালালপুর এলাকার ৭৯ নম্বর উত্তর চর জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
ঘটনার বিবরণ
গোসাইরহাট থানা সূত্র জানায়, শিক্ষক জসিম উদ্দীনের সঙ্গে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদের বিরোধ ছিল। রোববার দুপুরে জসিম উদ্দীন রেইনকোট, মুখে মাস্ক ও চোখে রোদচশমা পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি সঙ্গে থাকা ব্যাগ থেকে একটি কুড়াল বের করে শাকিল আহমেদের ওপর হামলা চালান। এতে শাকিল আহত হন।
এ সময় কার্যালয়ে উপস্থিত অন্য কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত এগিয়ে এসে হামলাকারীকে প্রতিহত করেন ও আহত কর্মকর্তাকে উদ্ধার করেন। পরে অভিযুক্ত শিক্ষককে আটকে রেখে গোসাইরহাট থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে আটক করে। আহত শিক্ষা কর্মকর্তা গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
অভিযুক্তের অসংলগ্ন বক্তব্য
পুলিশ হেফাজতে থাকা অবস্থায় একটি ভিডিওতে শিক্ষক জসিম উদ্দীনকে অসংলগ্ন কথাবার্তা বলতে দেখা যায়। তিনি বলেন, ‘আমি সকালে টাইগার (একধরনের কোমল পানীয়) খেয়েছি, আর্জেন্টিনার খেলা দেখেছি। এরপর কী হয়েছে, আমি জানি না।’



