দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে চলমান অনশন কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষক নেতারা এ ঘোষণা দেন।
শিক্ষকদের অভিযোগ
শিক্ষকরা অভিযোগ করেন, ২০২৫ সালের এমপিও নীতিমালার আওতায় গত বছরের জুলাইয়ে আবেদন করার প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এখনো এমপিওভুক্ত হয়নি। এছাড়া অনুমোদিত শূন্য পদে নিয়োগ পাওয়া শিক্ষক-কর্মচারীদের বেতন-অনুদানও ছাড় করা হয়নি।
দীর্ঘদিনের বঞ্চনা
তাদের দাবি, দেশের বিভিন্ন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় প্রায় ১ হাজার ৬৯০ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত থাকলেও তারা দীর্ঘদিন ধরে সরকারি আর্থিক সুবিধার বাইরে রয়েছেন। এতে শিক্ষকরা চরম আর্থিক সংকটে পড়েছেন এবং শিক্ষার মানও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্বীকৃতির পরও বঞ্চনা
শিক্ষকরা নেতারা আরও বলেন, ১৯৮৪ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এসব মাদ্রাসাকে স্বীকৃতি দিলেও এখন পর্যন্ত কোনও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে এমপিওভুক্ত বা জাতীয়করণের আওতায় আনা হয়নি। তাই দ্রুত এমপিওভুক্তি, বকেয়া বেতন-অনুদান ছাড় এবং দাবিগুলো বাস্তবায়নের দাবিতে তাদের অনশন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা।



