ময়মনসিংহের ত্রিশালে প্রায় এক পিকআপ সরকারি বই বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় স্থানীয়দের বুদ্ধিমত্তায় তা জব্দ করেছে পুলিশ। তবে ঘটনার মূল হোতা উপজেলার ফুলকুড়ি দাখিল মাদরাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। সোমবার (১৫ জুন) এ ঘটনায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ।
এর আগে রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড় এলাকা থেকে বইবোঝাই পিকআপটি জব্দ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসা সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি বই পিকআপে তুলে দিচ্ছিলেন। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা দ্রুত গাড়িটি ঘিরে ফেলেন এবং উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বইসহ পিকআপটি জব্দ এবং চালক মো. জাকারিয়াকে আটক করে। আটক চালক বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম জানান, ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার নিজেই পিকআপে বইগুলো তুলে দিয়েছিলেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে যাই এবং পুলিশকে অবহিত করি।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি বই বিক্রির উদ্দেশ্যেই এগুলো পাচার করা হচ্ছিল। নিয়মিত মামলা দায়েরের জন্য বইবোঝাই পিকআপ ও চালককে থানায় হস্তান্তর করা হয়েছে। তদন্তে এই অপকর্মের সঙ্গে আরও কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, মামলা হয়েছে। মাদ্রাসা সুপার ইউনুস আলীকে খুঁজে বের করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



