ডাব চুরির মিথ্যা অভিযোগে সাত বছরের মাদ্রাসাছাত্রকে নির্যাতন
ডাব চুরির মিথ্যা অভিযোগে সাত বছরের মাদ্রাসাছাত্র নির্যাতিত

ঝালকাঠির নলছিটিতে ডাব চুরির মিথ্যা অভিযোগে সাত বছরের এক মাদ্রাসাছাত্রকে নির্মম নির্যাতনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার হয়বাতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার শিশুটির নাম আব্দুল্লাহ (৭)। তাকে ওইদিন সন্ধ্যায় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নির্যাতনের বিবরণ

আহত আব্দুল্লাহ উপজেলার হয়বাতপুর গ্রামের আলফাজ ফরাজীর ছেলে এবং তৌকাঠি মারকাযুল মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত ব্যক্তি হলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য শুক্কুর আলী। তিনি হয়বাতপুর গ্রামের মো. ফখরুল আলির ছেলে।

জানা গেছে, মঙ্গলবার বিকালে আব্দুল্লাহকে তার মা রেহানা বেগম বাজার থেকে পান কিনে আনতে পাঠান। পথে শুক্কুর আলী তার গাছের ডাব চুরির অভিযোগে আব্দুল্লাহকে মারধর করে এবং কয়েকটি আছাড় মারেন। এতে আব্দুল্লাহ ভয়ে প্রস্রাব করে দেয়। একপর্যায়ে শুক্কুর আলী আব্দুল্লাহকে টেনে হিচড়ে পাশের দিঘিতে ফেলে দেওয়ার চেষ্টা করেন। এ সময় আব্দুল্লাহর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে শুক্কুর আলী ঘটনাস্থল থেকে চলে যান। খবর পেয়ে স্বজনরা এসে আব্দুল্লাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভুক্তভোগীর বক্তব্য

নির্যাতিত আব্দুল্লাহ বলেন, 'মা আমাকে পান কিনতে ফকির বাড়ি বাজারে পাঠান। পথে শুক্কুর আলী তার গাছের ডাব চুরির অভিযোগে আমাকে মারধর করে এবং কয়েকটি আছাড় মারেন। এতে আমি প্রস্রাব করে দেই। একপর্যায়ে শুক্কুর আলী আমাকে টেনে হিচড়ে পাশের দিঘিতে ফেলে দেওয়ার চেষ্টা করেন।' তিনি আরও বলেন, 'আমি তো গাছে উঠতেই পারি না। তাহলে ডাব চুরি করব কীভাবে?'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবারের বক্তব্য

শিশুটির মা রেহানা বেগম জানান, মঙ্গলবার বিকালে তিনি আব্দুল্লাহকে ফকির বাড়ি বাজার থেকে পান কিনে আনার জন্য পাঠান। পথে শুক্কুর আলী তার গাছের ডাব চুরি করে নেওয়ার কথা বলে তার ছেলেকে মারধর করে এবং কয়েকটি আছাড় মেরে টেনে হিচড়ে পাশের দিঘিতে ফেলে দেওয়ার চেষ্টা করেন। এ সময় আব্দুল্লাহর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে শুক্কুর আলী ঘটনাস্থল থেকে চলে যান। খবর পেয়ে স্বজনরা এসে আব্দুল্লাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

শিশুটির বাবা আলফাজ ফরাজি জানান, তিনি ঢাকায় থাকেন। ছেলেকে মারধরের খবর পেয়ে তিনি বাড়িতে এসেছেন। বিনা অপরাধে তার ছেলেকে মারধরের বিচার দাবি করেন তিনি এবং এ ব্যাপারে আইনের আশ্রয় নেবেন বলেও জানান তিনি।

পুলিশের বক্তব্য

অভিযুক্ত শুক্কুর আলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ আলী বলেন, 'এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'