তামিরুল মিল্লাতে আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠান সম্পন্ন
তামিরুল মিল্লাতে আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান

ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের জন্য এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ৯টায় মাদ্রাসা মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।

প্রধান অতিথির বক্তব্যে দেশের সংকট প্রসঙ্গ

প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবেদীন দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ‘আজকের বাংলাদেশের যে নানাবিধ সংকট, তা মূলত অযোগ্যতা ও অদক্ষতার ফসল। আমরা দৃঢ়ভাবে মনে করি, বাংলাদেশের মাদরাসা শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই নৈতিক, সৎ ও দক্ষ মানবসম্পদ তৈরি করে এই সংকট থেকে উত্তরণ সম্ভব।’ তিনি মাদ্রাসা শিক্ষার গুরুত্বের ওপর জোর দেন।

অধ্যক্ষের পরামর্শ ও দিকনির্দেশনা

মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী পরীক্ষার্থীদের সময়ের সঠিক মূল্যায়নের তাগিদ দিয়ে বলেন, ‘তোমাদের হাতে সময় আর বেশি নেই। যে কদিন আছে, তার সর্বোচ্চ সঠিক ব্যবহার করতে হবে। তোমরা দেশসেরা ফলাফল উপহার দিয়ে তোমাদের পরিবার, সমাজ ও দেশ গঠনে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখবে।’ বক্তব্য শেষে তিনি উপস্থিত সকল মেহমানদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রধান বক্তার বক্তব্য: নৈতিকতা ও যোগ্যতার সমন্বয়

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি পরীক্ষার্থীদের নৈতিকতা ও যোগ্যতার সমন্বয়ে আদর্শ নাগরিক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘তামিরুল মিল্লাত সব সময়ই মেধার স্বাক্ষর রেখে এসেছে। আজকের সংকটময় বিশ্বে ইসলামি মূল্যবোধের ভিত্তিতে সমাজ পুনর্গঠনে তোমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তোমরা কেবল নিজেদের ক্যারিয়ার নয়, বরং উম্মাহ ও দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশেষ অতিথির বক্তব্য ও শুভেচ্ছা

বিশেষ অতিথির বক্তব্যে শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ভালো ফলাফল করার জন্য সর্বাগ্রে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে। যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারো, তবে ভালো রেজাল্ট হবেই ইনশাআল্লাহ। তোমরা যে সিদ্ধান্ত নিবে সেটির ওপর অটুট থাকো, তাহলে তোমরা চূড়ান্ত লক্ষ্যে সফল হতে পারবো।’

মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি নুর নবী মানিক বলেন, ‘তামিরুল মিল্লাত শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি সৎ ও দেশপ্রেমিক নাগরিক গড়ার কারিগর। আমাদের শিক্ষার্থীরা বরাবরের মতোই এবারও মেধার শীর্ষস্থান ধরে রাখবে এবং দেশ ও জাতির ক্রান্তিলগ্নে আলো ছড়াবে বলে আমার বিশ্বাস।’

ছাত্রসংসদের ভিপি তোফায়েল আহমেদ বলেন, ‘পড়াশোনার পাশাপাশি আল্লাহ তাআলার সঙ্গে আমাদের সবার সম্পর্ক বৃদ্ধি করতে হবে। আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত হলে আমরা জীবনের সকল কাজে সফলতা অর্জন করতে পারবো।’

অনুষ্ঠানের অন্যান্য বক্তা ও উপস্থিত ব্যক্তিবর্গ

মাদ্রাসার ফকীহ মুফতী মাওলানা শরিফুল ইসলাম সুলতানী এবং ছাত্র সংসদের জিএস আব্দুল কাইয়ুমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাদরাসার মুফাসসির মাওলানা জাকির হোসাইন শেখ ও মুফাসসির মাওলানা আবুল কাসেম গাজী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফকীহ মাওলানা মহিউদ্দীন, সহকারী অধ্যাপক মিজানুর রশীদ, মাওলানা আব্দুস সামাদ ও আব্দুস সামাদ আযাদ প্রমুখ।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি

আলোচনা সভা শেষে ড. মাওলানা রফিকুল ইসলাম মাদানী সমাপনী বক্তব্য দেন এবং পরীক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য, সুস্বাস্থ্য এবং দেশ ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।