ময়মনসিংহ বন্ধুসভার পাঠচক্রে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা
ময়মনসিংহ বন্ধুসভার পাঠচক্রে মুক্তিযুদ্ধের ইতিহাস

ময়মনসিংহ বন্ধুসভা তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের আত্মত্যাগ ও সংগ্রামী ইতিহাস তুলে ধরতে স্কুলশিক্ষার্থীদের নিয়ে পাঠচক্রের আসর করেছে। ২৪ জুন মাইজবাড়ী আব্দুল খালেক উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত এই পাঠচক্রে আলোচনা করা হয় সোহরাব হাসান রচিত মুক্তিযুদ্ধবিষয়ক বই ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিদেশিদের ভূমিকা’।

পাঠচক্রের সঞ্চালনা ও আলোচনা

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আল ইমরানের সঞ্চালনায় শিক্ষার্থীদের সামনে বইটি সম্পর্কে সার্বিক তথ্য উপস্থাপন এবং মুক্তিযুদ্ধে বিদেশিদের অবদান তুলে ধরেন যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ।

ঢাকায় বাটা শু কোম্পানির প্রোডাকশন ম্যানেজার হিসেবে ওডারল্যান্ড ১৯৭০ সালের শেষ দিকে প্রথম ঢাকায় আসেন। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরপরই কোম্পানি-ম্যানেজার ওডারল্যান্ড যেন নিজের মধ্যে আবিষ্কার করেন নতুন এক যুদ্ধের মুখোমুখি সাবেক সৈনিক ওডারল্যান্ডকে। অপারেশন সার্চলাইটের সময় তিনি লুকিয়ে সে রাতের ভয়াবহতার কিছু ছবি তুলে পাঠান আন্তর্জাতিক গণমাধ্যমে। এভাবেই তিনি বাংলাদেশিদের প্রাণের বন্ধু হয়ে ওঠেন। শুধু এ দেশের স্বাধীনতার জন্য আর নিরীহ মানুষকে হত্যাযজ্ঞের বিরুদ্ধে, নিজের মানবিক তাড়নাতেই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে লড়তে থাকেন পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ওডারল্যান্ডের অবদান

আগস্ট মাসের দিকে তিনি টঙ্গীতে বাটা কোম্পানির ভেতরে গেরিলা ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। মুক্তিযোদ্ধাদের খাদ্য, ওষুধ এবং আশ্রয় দিয়েও তিনি সাহায্য করেছিলেন। টঙ্গী ও এর আশপাশ এলাকায় বেশ কয়েকটি সফল গেরিলা হামলার আয়োজকও ছিলেন তিনি। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে গুরুত্বপূর্ণ ও সাহসী অবদান রাখার জন্য বাংলাদেশ সরকার ওডারল্যান্ডকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঐতিহাসিক কনসার্ট ও বিদেশি শিল্পীদের ভূমিকা

অপর দিকে ১ আগস্ট ১৯৭১, নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে বসল পৃথিবীর ইতিহাসে স্মরণীয় এক ঐতিহাসিক কনসার্ট। সেখানেই বাংলাদেশের জন্য বাজালেন সেতারসম্রাট রবিশঙ্কর, সরোদসম্রাট ওস্তাদ আলী আকবর খাঁ, তবলার কিংবদন্তি শিল্পী আল্লারাখা খাঁ।

একে একে গান গাইলেন বিটলসের জর্জ হ্যারিসন, রিঙ্গো স্টার, লিওন রাসেল, বিলি প্রিস্টন আর কিংবদন্তি গায়ক বব ডিলান। কিংবদন্তি গিটারিস্ট এরিক ক্ল্যাপটনও গিটার বাজিয়েছিলেন কনসার্টটিতে। সবশেষে জর্জ হ্যারিসন গাইলেন তাঁর সেই বিখ্যাত গান ‘বাংলাদেশ’।

মুক্তিযুদ্ধের সময় যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের জন্য গান গেয়ে অর্জিত অর্থ প্রেরণ করে দেশ পুনর্গঠনে অবদান রাখেন তাঁরা। বিদেশি নাগরিকদের অসামান্য অবদানের ফলেই অর্জিত হয়েছিল পৃথিবীর বুকে নতুন একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ।

প্রধান শিক্ষকের বক্তব্য

মাইজবাড়ী আব্দুল খালেক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক শিক্ষার্থীদের বই পড়ার প্রতি উদ্বুদ্ধ করে বলেন, ‘বই পড়ার কোনো বিকল্প নেই। একাডেমিক পড়াশোনার পাশাপাশি তোমাদের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে এবং প্রচুর বই পড়তে হবে। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে হবে।’

জহিরুল হক বন্ধুসভার এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘তরুণদের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে অবগত করে তাদের মনে দেশপ্রেম জাগিয়ে তোলা মহৎ একটি উদ্যোগ। কেননা এই তরুণ প্রজন্ম আগামীর বাংলাদেশের সম্পদ।’

বন্ধুসভার সভাপতির বক্তব্য

ময়মনসিংহ বন্ধুসভার সভাপতি মেহেদী হাসান বন্ধুসভা সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করেন। বন্ধুসভায় যুক্ত হওয়ার মাধ্যমে কীভাবে একজন ভালো মানুষ ও সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা সম্ভব, এ সম্পর্কে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন তিনি।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক তাওমান মাহিন, সহসাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ও বন্ধু রাহিম।