ইউএপিতে ‘মিট দ্য অথর সিজন ৫’: আখতারুজ্জামান ইলিয়াসের সাহিত্য নিয়ে আলোচনা
ইউএপিতে ‘মিট দ্য অথর সিজন ৫’: ইলিয়াসের সাহিত্য নিয়ে আলোচনা

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) লিটারেরি ক্লাবের আয়োজনে ৩ মে অনুষ্ঠিত হলো ‘মিট দ্য অথর সিজন ৫’। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস-এর সাহিত্যভুবন, বিশেষ করে তাকে ‘সমাজবাস্তবতার রূপকার’ হিসেবে মূল্যায়ন।

অনুষ্ঠানের উদ্বোধন ও প্রথম পর্ব

অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউএপির ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তাকাদ আহমেদ চৌধুরী। দুই পর্বের এই আয়োজনে প্রথম পর্বে বক্তারা তাদের লেখক হয়ে ওঠার গল্প শোনান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি পিয়াস মজিদ, কথাসাহিত্যিক সুহান রিজওয়ান এবং কথাসাহিত্যিক ও অনুবাদক সাজিদ উল হক আবির।

দ্বিতীয় পর্ব: মূল আলোচনা

দ্বিতীয় পর্বে শুরু হয় মূল আলোচনা। কবি পিয়াস মজিদ তার বক্তব্যে ইলিয়াসের স্মৃতিচারণের পাশাপাশি তার জন্মভূমি ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি পুরান ঢাকার জীবন, ইলিয়াসের ছোটগল্পের সার্থকতা এবং তার ভাষার স্বাতন্ত্র্য নিয়ে বিশদ আলোচনা করেন। একই সঙ্গে তিনি সমসাময়িক লেখকদের দৃষ্টিতে ইলিয়াসের গুরুত্বও তুলে ধরেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কথাসাহিত্যিক সুহান রিজওয়ান তার বক্তব্যে আখতারুজ্জামান ইলিয়াসের সাহিত্যিক শক্তি বিশ্লেষণ করেন। বিশেষ করে তার উপন্যাস খোয়াবনামা-এর মাধ্যমে গ্রামীণ সমাজ, ইতিহাস ও মানুষের স্বপ্ন-বাস্তবতার জটিল মেলবন্ধন তুলে ধরেন। পাশাপাশি ইলিয়াসের ছোটগল্পে সাধারণ মানুষের জীবন, শ্রেণিসংগ্রাম এবং সূক্ষ্ম মনস্তাত্ত্বিক দিক কীভাবে প্রতিফলিত হয়েছে, সে বিষয়েও আলোকপাত করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাজিদ উল হক আবির তার আলোচনায় চিলেকোঠার সেপাই-এর বিশ্লেষণের পাশাপাশি ইলিয়াসের ছোটগল্প নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, ইলিয়াসের ছোটগল্পগুলো আয়তনে সংক্ষিপ্ত হলেও বিষয়বস্তু ও শিল্পগুণে অত্যন্ত ঘন ও শক্তিশালী। শহর ও গ্রামের মানুষের জীবনসংগ্রাম, রাজনৈতিক টানাপড়েন এবং সংস্কৃতির পরিবর্তন—সবকিছুই তার ছোটগল্পে অত্যন্ত সূক্ষ্মভাবে ধরা পড়েছে।

প্রশ্নোত্তর পর্ব ও সমাপ্তি

আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্বে উপস্থিত শিক্ষার্থীরা লেখালেখি ও সাহিত্যচর্চা নিয়ে নানা প্রশ্ন করেন। অনুষ্ঠানের শেষাংশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএপির উপাচার্য প্রফেসর ড. মহিউদ্দিন আহমদ ভূঁইয়া। তিনি শিক্ষার্থীদের আরও বেশি সাহিত্যচর্চায় উৎসাহিত হওয়ার আহ্বান জানান। এছাড়া ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ রাকিব এমন আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন।