মাধ্যমিক ও সমমান পর্যায়ে (ষষ্ঠ-দশম শ্রেণিতে) শিক্ষার্থীদের ভর্তি সহায়তার আবেদন এন্ট্রি শুরু হয়েছে। ১৪ মে থেকে শুরু হওয়া এই আবেদন চলবে ১৪ জুন ২০২৬ পর্যন্ত। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আবেদনের যোগ্যতা ও প্রক্রিয়া
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৬ সালে ষষ্ঠ-দশম শ্রেণিতে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীরা এই আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে ‘ই-ভর্তি সহায়তা ব্যবস্থাপনা পদ্ধতি’ লিংকের মাধ্যমে নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে।
আবেদনের শর্তাবলি
‘আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা, ২০২৬’ অনুযায়ী কিছু শর্ত পূরণ করতে হবে:
- মেধার মানদণ্ড: পূর্ববর্তী শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর বা জিপিএ ৫-এর ক্ষেত্রে ৩.৫০ প্রাপ্তির প্রমাণপত্র আপলোড করতে হবে।
- বিশেষ ক্যাটাগরি: এতিম শিক্ষার্থী, প্রতিবন্ধী শিক্ষার্থী বা অভিভাবক, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থী বা অভিভাবক, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান, হতদরিদ্র শিক্ষার্থী (অভিভাবক নিম্ন আয়ের শ্রমিক) এবং ২০তম গ্রেডের সরকারি কর্মচারীর সন্তানের ক্ষেত্রে প্রমাণক আপলোড বাধ্যতামূলক।
- আয়ের সীমা: পিতা-মাতা বা অভিভাবকের বার্ষিক আয় তিন লাখ টাকা বা তার কম হতে হবে। হতদরিদ্র পরিবারের সন্তান মর্মে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের সনদ আপলোড করতে হবে।
- প্রয়োজনীয় ডকুমেন্টস: ট্রাস্ট নির্ধারিত ফরমে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন, শিক্ষার্থীর জন্মনিবন্ধন কপি, পিতা ও মাতার এনআইডি কপি, শিক্ষার্থীর ছবি এবং শিক্ষার্থী বা পিতা/মাতার অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের স্পষ্ট কপি আপলোড করতে হবে।
কার্যক্রমটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক হওয়ায় আবেদনের হার্ড কপি পাঠানোর প্রয়োজন নেই। আবেদনের শেষ সময় ১৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট।
যোগাযোগ ও সহায়তা
ভর্তি সহায়তা সংক্রান্ত হেল্পলাইন: ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ ও ০১৭৭৮৯৬৪১৫৬। অফিস চলাকালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।



