মুক্তাগাছায় জলাবদ্ধতায় পাঁচ শতাধিক পরিবার ভোগান্তিতে, দায়ী অপরিকল্পিত ড্রেনেজ
মুক্তাগাছায় জলাবদ্ধতায় পাঁচ শতাধিক পরিবার ভোগান্তিতে

ময়মনসিংহের মুক্তাগাছায় বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েন পৌর এলাকার বাসিন্দারা। সম্প্রতি মঙ্গলবার বিকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত টানা ভারি বৃষ্টিপাতে পৌর এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নিচু এলাকার দোকানপাট ও ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় ভোগান্তিতে পড়েছেন পাঁচ শতাধিক পরিবার। ময়লা পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে তাদের, যা স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দিয়েছে।

অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় জলাবদ্ধতা

পৌরসভার ঈদগাহ, নন্দীবাড়ি, ঢালুয়াবিল, ঈশ্বর গ্রামের স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, পৌর এলাকায় ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণ অপরিকল্পিত ও প্রাচীনকালের। ড্রেনগুলো অত্যন্ত সরু ও নিম্নমানের হওয়ায় পানি বের হতে চায় না। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলো পানির নিচে চলে যায় এবং চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা অপু বলেন, ‘এখানকার বড় সমস্যার নাম জলাবদ্ধতা। সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান পানি জমে যায়। প্রায় এক যুগ ধরে পৌর কর্তৃপক্ষের কাছে একাধিকবার দৃষ্টি আকর্ষণ করেও সমাধান হয়নি।’

ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে

পৌর শহরের বড় মসজিদ ও পৌর মার্কেটের একাধিক ব্যবসায়ী জানান, জলাবদ্ধতায় লোকজনের চলাচলে কষ্ট হচ্ছে, ফলে দোকানের বেচাকেনা অনেক কমে গেছে। তারা মনে করেন, নাগরিকদেরও দায় রয়েছে—পরিত্যক্ত জিনিসপত্র ও ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে না ফেলে যত্রতত্র ফেলার কারণে ড্রেনের পানি আটকে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাবেক মেয়রের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

অভিযোগ রয়েছে, জলাবদ্ধতা নিরসনে কাজের কাজটি করতে পারেননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র বিল্লাল হোসেন সরকার। জলাবদ্ধতা নিরসনের নামে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা করে নিজের পকেট ভারি করেছেন বলে অভিযোগ। এ প্রসঙ্গে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পৌর প্রশাসকের বক্তব্য

পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র জানান, জলাবদ্ধতার কারণ দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে এলাকাবাসীকে নিয়ে নিজে সশরীরে ড্রেনের ময়লা-আবর্জনা পরিষ্কার অভিযান চালিয়েছেন। তিনি নাগরিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান, যাতে পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত না হয়।