রায়পুরায় বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী হত্যা: র‍্যাবের গ্রেফতার ৫
বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী হত্যা: র‍্যাবের গ্রেফতার ৫

নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগমকে (৭০) হত্যা এবং তার সঞ্চিত টাকা লুটের ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

গ্রেফতার ব্যক্তিরা

গ্রেফতাররা হলেন, ইলিয়াস (৩৫), সাকিব (১৯), বেলাল মিয়া (২৬), দ্বীন ইসলাম (২৬) ও রিফাত (২০)। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের ভৈরব রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়।

ঘটনার বিবরণ

র‍্যাবের দাবি, দীর্ঘদিনের কষ্টার্জিত মাত্র ৪০ হাজার টাকার লোভেই ববি বেগমের ওপর হামলা চালানো হয়, যা শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়। শুক্রবার (১০ জুলাই) বিকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, গত ৪ জুলাই গভীর রাতে মেথিকান্দা রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে অবস্থানরত ববি বেগমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তাকে গুরুতর আহত করে তার দীর্ঘদিনের কষ্টার্জিত ও সঞ্চিত প্রায় ৪০ হাজার টাকা লুট করে নেওয়া হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তিনি বলেন, ৮ জুলাই রাতে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে ববি বেগমের মৃত্যু হয়। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনার পরই র‍্যাব-১১ ছায়া তদন্ত শুরু করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রেফতার অভিযান

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্য, তথ্যপ্রযুক্তির সহায়তা, ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের তথ্য এবং ধারাবাহিক অভিযানের মাধ্যমে ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়। এরপর নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশন-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। একই সময়ে র‍্যাব-৯-এর একটি দল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়নের নতুন ঈদগাহ এলাকায় অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেফতার করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মাদকাসক্তির সংশ্লিষ্টতা

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানিয়েছেন, ববি বেগমের কাছে নগদ অর্থ রয়েছে—এ তথ্য আগে থেকেই তাদের জানা ছিল। সেই পরিকল্পনা অনুযায়ী গভীর রাতে তার ওপর হামলা চালিয়ে মারধর করে টাকা লুট করে তারা পালিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় ববি বেগমের মৃত্যু হলে ঘটনাটি হত্যা মামলায় রূপ নেয়। র‍্যাব জানায়, গ্রেফতার পাঁচজনের মধ্যে তিনজনের বিরুদ্ধে মাদক সেবনের মামলা রয়েছে। তারা মাদকাসক্ত। এ থেকে ধারণা করা হচ্ছে, মাদক কেনার টাকার প্রয়োজন থেকেই তারা বৃদ্ধার ওপর হামলা চালিয়ে টাকা লুট করে থাকতে পারেন।

তদন্ত অব্যাহত

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে নতুন কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে। রেলস্টেশন ও রেলপথে অপরাধীদের আনাগোনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, রেলপথের নিরাপত্তার দায়িত্বে রেলওয়ে পুলিশ রয়েছে। তারা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে। এরপরও কোনো ঘটনা র‍্যাবের নজরে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।