আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভোট গণনায় কোনো ধরনের কারচুপির চেষ্টা হলে তা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেছেন, ভোট গণনায় এদিক-ওদিক করার চেষ্টা করলে সেই হাত আর থাকবে না।
রাজশাহীতে এনসিপির সমাবেশে বক্তব্য
শুক্রবার রাতে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাজশাহী মহানগর এনসিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন সারজিস আলম। তিনি বলেন, ‘আমার আজকে পাওয়ার (ক্ষমতা) আছে আজ পাওয়ার খাটিয়ে কাজ করে নিলাম, যেদিন পাওয়ার থাকবে না, সেদিন দুই পয়সার মূল্য দেবে না। তাহলে তো আমাদের সেই সিস্টেমটার পরিবর্তন করতে হবে, মানুষগুলোর পরিবর্তন করতে হবে।’
বিএনপিকে উদ্দেশ করে সারজিস আলম বলেন, ‘আপনারা যেভাবে প্রশাসনকে ব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নির্বাচন করেছিলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচন কমিশন থেকে শুরু করে মাঠ প্রশাসনের কেউ যদি মনে করে ভোট গণনায় এদিক-ওদিক করবে, তাহলে আমরা বলে দিচ্ছি যে হাত এটা করার চেষ্টা করবে, সেই হাত আর থাকবে না।’
সমাবেশে অন্যান্য বক্তা
সমাবেশে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব সাঈফ মুস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং জাতীয় নারীশক্তির সভাপতি মনিরা শারমিন। এনসিপির রাজশাহী মহানগর সভাপতি ও সিটি মেয়র প্রার্থী মোবাশ্বের আলী সমাবেশে সভাপতিত্ব করেন।
মেয়র প্রার্থী প্রসঙ্গে সারজিস
মোবাশ্বের আলীকে মেয়র প্রার্থী করা প্রসঙ্গে সারজিস বলেন, ‘আমার দাদা যে দলে ভোট দিয়ে নির্যাতিত হয়েছেন, বাবা যে দলে ভোট দিয়ে নির্যাতিত হয়েছেন, সেই জায়গা থেকে সবাইকে পরিবর্তনের পক্ষে বের হয়ে আসতে হবে।’
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’
সমাবেশের আগে সন্ধ্যায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নগরের আলুপট্টি মোড় থেকে শুরু হওয়া পদযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।



