সরকার চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা ভাগ করে ‘ফটিকছড়ি উত্তর’, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা ভাগ করে ‘দক্ষিণ গফরগাঁও’ এবং কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা ভাগ করে ‘বাঙ্গরা’ নামে তিনটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়।
ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন
প্রথম প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১২১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন—বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল—এর সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠন করা হয়েছে। এই উপজেলার বিভিন্ন অফিসের জন্য অফিস সেট-আপ অনুমোদন দেওয়া হয়েছে।
দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন
দ্বিতীয় প্রজ্ঞাপনে জানানো হয়, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার আটটি ইউনিয়ন—মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী ও টাংগাব—এর সমন্বয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠন করা হয়েছে। এই উপজেলার জন্যও অফিস সেট-আপ অনুমোদন করা হয়েছে।
বাঙ্গরা উপজেলা গঠন
তৃতীয় প্রজ্ঞাপনে বলা হয়, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়ন—শ্রীকাইল, আকুবপুর, আন্দিকোট, পূর্বধৈইর (পূর্ব), পূর্বধৈইর (পশ্চিম), বাঙ্গরা (পূর্ব), বাঙ্গরা (পশ্চিম), চাপিতলা, রামচন্দ্রপুর (উত্তর) ও টনকী—এর সমন্বয়ে ‘বাঙ্গরা’ উপজেলা গঠন করা হয়েছে। এই উপজেলার জন্যও অফিস সেট-আপ অনুমোদন দেওয়া হয়েছে।



