নরসিংদীর রায়পুরায় টানা ভারি বর্ষণের কারণে পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল ধসে তানঝুমা (৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর পরিচয়
নিহত তানঝুমা মাইজপাড়া গ্রামের আপেল মিয়ার মেয়ে। সে স্থানীয় মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা কক্সবাজারে অবস্থান করছেন।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরে তানঝুমা। এ সময় বাড়ির পাশে থাকা একটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল টানা ভারি বর্ষণের কারণে হঠাৎ ধসে তার উপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মর্মান্তিক এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুর বাবা বাড়িতে ফিরলে তানঝুমার দাফন সম্পন্ন করা হবে।
প্রশাসনের বক্তব্য
রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা জানান, 'শিশুটি স্কুল থেকে বাড়ি ফিরে পরিত্যক্ত মাটির ঘরের দেয়ালের পাশে দাঁড়িয়ে ছিল। ভারি বর্ষণের কারণে মাটির দেয়ালটি ভিজে নরম হয়ে যায় এবং ধসে পড়ে। মাটির দেয়ালের নিচে চাপা পড়ে শিশুটির ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি, উপজেলা প্রশাসন থেকে পরিবারটিকে সার্বিক সহযোগিতা করা হবে।'
পুলিশের পদক্ষেপ
রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, 'দেয়াল চাপা পড়ে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'



