মিরপুরে গুলির ঘটনায় গ্রেপ্তার কাওছারের ৪ দিনের রিমান্ড মঞ্জুর
মিরপুর গুলি মামলায় কাওছারের ৪ দিনের রিমান্ড

ঢাকার মিরপুর ১০ নম্বর এলাকায় গুলির ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া মো. কাওছার ভূঁইয়া ওরফে শান্ত (২৪) নামের এক যুবকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ড আবেদন ও শুনানি

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। মিরপুর মডেল থানার এসআই (জিআরও) রফিকুল ইসলাম রাসেল প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার বিবরণ

রিমান্ড আবেদনে পুলিশ উল্লেখ করে, মঙ্গলবার রাত ৯টার দিকে মিরপুর ১০ নম্বর সেনপাড়া এলাকার চৌরঙ্গী মার্কেটের সামনে গুলির শব্দ পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় একটি রিভলবারসহ কাওছার ভূঁইয়াকে আটক করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদনে আরও বলা হয়, আসামির কাছ থেকে একটি ছয় চেম্বারবিশিষ্ট রিভলবার, চারটি ব্যবহৃত কার্তুজের খোসা ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। পরে ঘটনাস্থল থেকে একটি গুলির অংশবিশেষও জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে তথ্য

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাওছার জানিয়েছেন, পূর্বশত্রুতার জেরে জাকির নামের এক সহযোগীকে সঙ্গে নিয়ে সাইফুল ইসলাম ওরফে সিজু (৪০) নামের এক ব্যক্তিকে লক্ষ্য করে তিনি গুলি ছুড়েছিলেন। তবে উদ্ধার হওয়া অস্ত্রের কোনো বৈধ লাইসেন্স বা কাগজপত্র তিনি দেখাতে পারেননি।

ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটন, পলাতক আসামিকে গ্রেপ্তার, অস্ত্রের উৎস শনাক্ত এবং এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা জানতে কাওছারকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে পুলিশ আবেদনে উল্লেখ করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ