নোয়াখালীতে পৃথক ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যু, আহত ১
নোয়াখালীতে পৃথক ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যু, আহত ১

নোয়াখালী জেলার বেগমগঞ্জ ও সুবর্ণচর উপজেলায় পৃথক দুটি ঘটনায় দুই শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন এবং একজন আহত হয়েছেন। বুধবার (৬ মে) দুপুরে এসব ঘটনা ঘটে।

বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

বেগমগঞ্জ উপজেলায় বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তন্ময় চন্দ্র (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন দীপ দেবনাথ (১৬) নামে আরেক পরীক্ষার্থী। দুপুরে চৌমুহনীর চৌরাস্তা-মাইজদী আঞ্চলিক মহাসড়কের বেগমগঞ্জ কৃষি ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তন্ময় নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুরিপাড়া এলাকার কার্তিক চন্দ্রের ছেলে। তিনি স্থানীয় ডেল্টা জুটমিল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। সকালে তন্ময় বাসা থেকে বেরিয়ে বন্ধু দীপের সঙ্গে আড্ডা দিতে চৌমুহনী চৌরাস্তা এলাকায় যান। দুপুরে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তন্ময়কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তন্ময়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় জনতা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং জনদুর্ভোগ চরমে পৌঁছে।

বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত শিক্ষার্থী নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর সিএনজিচালক পালিয়ে যান। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সুবর্ণচরে বিদ্যুৎস্পর্শে আরেক শিক্ষার্থীর মৃত্যু

একই সময় সুবর্ণচর উপজেলায় বিদ্যুৎস্পর্শে মো. ফয়সাল (১৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে তার মা গুরুতর আহত হয়েছেন। মৃত ফয়সাল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের বাসিন্দা মো. ইয়াসিন ব্যাপারীর ছেলে। তিনি চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, দুপুরে নিজ বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎ তারের সংস্পর্শে আসেন ফয়সাল। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকেন। এ সময় ছেলেকে বাঁচাতে তার মা দৌড়ে গিয়ে তাকে স্পর্শ করলে তিনিও বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।