মে দিবসে জাবি ক্যাম্পাসে রিকশাচালকদের স্যালাইন বিতরণ
মে দিবসে জাবি ক্যাম্পাসে রিকশাচালকদের স্যালাইন বিতরণ

প্রচণ্ড তাপপ্রবাহে শ্রমজীবী মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। মহান মে দিবস উপলক্ষে পয়লা মে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মরত ৪০ জন রিকশাচালকের মধ্যে খাওয়ার স্যালাইন বিতরণ করা হয়।

সচেতনতা কার্যক্রম

শুধু স্যালাইন বিতরণ নয়, বন্ধুসভার সদস্যরা রিকশাচালকদের সঙ্গে সরাসরি কথা বলে গরমে সুস্থ থাকার বিভিন্ন উপায় সম্পর্কে সচেতন করেন। পর্যাপ্ত পানি পান, নিয়মিত বিরতি নেওয়া, অতিরিক্ত রোদ এড়িয়ে চলা এবং হিট স্ট্রোকের লক্ষণ সম্পর্কে ধারণা দেওয়া হয়।

রিকশাচালকের প্রতিক্রিয়া

একজন রিকশাচালক বলেন, 'গরমে সারাদিন রিকশা চালানো খুব কষ্টের। আজকে যারা পানি আর স্যালাইন দিল, আর কীভাবে সুস্থ থাকতে হবে বুঝিয়ে দিল, এটা আমাদের জন্য অনেক উপকারে আসবে। ধন্যবাদ আপনাদের।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আয়োজকদের বক্তব্য

আয়োজকরা জানান, প্রচণ্ড তাপপ্রবাহে দীর্ঘ সময় কাজ করা শ্রমজীবী মানুষ নানা স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হন, যা অনেক সময় অবহেলিত থাকে। এ ধরনের উদ্যোগ তাঁদের জন্য সামান্য স্বস্তি বয়ে আনার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জাবি বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক অনুপ সরকার বলেন, 'আমরা প্রতিবছর চেষ্টা করি মে দিবসে শ্রমজীবী মানুষের জন্য একটু বেশি কাজ করতে, তাঁদের পাশে দাঁড়াতে। এবারের আয়োজনটি খুব ভালো লেগেছে। আশা করি রিকশাচালকেরা এতে উপকৃত হবেন।'

উপস্থিত বন্ধুরা

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাবি বন্ধুসভার সভাপতি সৈয়দ সালমান হাসান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সিফাত আরেফিন, বন্ধু মাহমুদ প্রসূন, ইত্তিসাফ লাজিম খান, নাফিসা তাসনিম, নিশাত তামান্না ও তিথী চৌধুরীসহ অনেকে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে শ্রমজীবী মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বন্ধুরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ