ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের শঙ্কা, ভোগান্তির আশঙ্কা
ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের শঙ্কা

আসন্ন ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজটের শঙ্কা করছেন মহাসড়ক ব্যবহারকারীরা। যমুনা সেতুতে ধারণক্ষমতার অধিক যানবাহন পারাপার, এলেঙ্গায় নির্মাণাধীন ফ্লাইওভারসহ চারলেনের উন্নয়ন কাজ, বৃষ্টি ও ফিটনেসবিহীন যানবাহনসহ নানা কারণে এই যানজটের আশঙ্কা তৈরি হয়েছে। যাত্রী ও চালকদের দাবি, এবারও যানজটে চরম ভোগান্তি পোহাতে হবে।

যানজট নিরসনে কর্তৃপক্ষের উদ্যোগ

যানজট নিরসনে নানা উদ্যোগ গ্রহণ করেছেন যমুনা সেতু কর্তৃপক্ষ, জেলা পুলিশ ও সাসেক-২ প্রকল্পের দায়িত্বপ্রাপ্তরা। যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, উত্তরাঞ্চলসহ আশপাশের অন্তত ২৩ জেলার কোটি মানুষের ভরসা এই মহাসড়ক। ঈদসহ বিভিন্ন উৎসবে যানবাহনের চাপ বেড়ে যায় কয়েক গুণ। গত কুরবানির ঈদে ২৪ ঘণ্টায় ৬৪ হাজারের অধিক যানবাহন সেতু পারা হয়েছিল।

অসমাপ্ত উন্নয়ন কাজ

এলেঙ্গা থেকে যমুনা সেতুর পূর্বপাড় পর্যন্ত চারলেনের কাজ কয়েক দফা মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি। এলেঙ্গায় ফ্লাইওভারসহ বিভিন্ন এলাকায় কাজ চলমান থাকায় স্বাভাবিক সময়েও যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে। সরেজমিনে মহাসড়কের মির্জাপুর থেকে যমুনা সেতুর পূর্ব টোলপ্লাজা পর্যন্ত ঘুরে দেখা যায়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক ও জনপথ বিভাগ, জেলা পুলিশ ও সাসেক-২ প্রকল্পের দায়িত্বপ্রাপ্তরা নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। কোথাও খানাখন্দের কাজ, কোথাও সড়ক প্রশস্ততার কাজ এবং সড়ক মার্কিংয়ের কাজ চলমান রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চালকদের অভিজ্ঞতা

বগুড়াগামী জেনিন পরিবহণের চালক আবুল কাশেম বলেন, গত রোজার ঈদে চন্দ্রা থেকে যমুনা সেতু পর্যন্ত যেতে সময় লেগেছে ১৫ ঘণ্টার বেশি। এবার গরুর ট্রাক চলায় যানজটে আরও বেশি ভোগান্তি হতে পারে। এছাড়া বৃষ্টিতেও ঘরমুখো মানুষের দুর্ভোগ হবে। সিরাজগঞ্জগামী মাইক্রোবাসের চালক চান মিয়া বলেন, এলেঙ্গা বাসস্ট্যান্ডে এখনই যানজট লেগে থাকে। আধা মিনিটের সড়ক যেতে লাগে অন্তত ১৫ মিনিট। পুলিশ চালকদের মামলার নামে হয়রানি করলেও যানজট নিরসনে কোনো ব্যবস্থা নেয় না। ঈদে এই ভোগান্তি আরও বাড়বে কয়েকগুণ।

বাস চালকের মতামত

হানিফ পরিবহণের বাস চালক গোপাল সিকদার বলেন, বড় গাড়ির কারণে কখনো যানজট হয় না। ফিটনেসবিহীন ছোট মাঝারি যানবাহনের চালকরা এলোমেলো গাড়ি চালানোর কারণে যানজটের সৃষ্টি হয়। এছাড়াও ওই সব যানবাহনের চালক ও হেলপাররা যত্রতত্র যাত্রী ওঠা নামানোর কারণেও ভোগান্তির সৃষ্টি হয়।

উন্নয়ন কাজের অগ্রগতি

সাসেক-২ প্রকল্পের টাঙ্গাইল অংশের ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনায়েম লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার রবিউল আওয়াল বলেন, ঈদ উপলক্ষে ২৪ মের পর উন্নয়ন কাজ বন্ধ থাকবে। এলেঙ্গায় ফ্লাইওভারের কাজসহ বিভিন্ন এলাকায় কাজ চলমান থাকলেও কোনো ভোগান্তি হবে না। যতটুকু সড়ক দখল করা হয়েছে, তার চেয়ে বেশি প্রশস্ত করা হয়েছে।

যমুনা সেতু কর্তৃপক্ষের প্রস্তুতি

যমুনা সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, গত ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা, ফিটনেসবিহীন যানবাহন বিকলসহ ৭ দিনে ৯১টি ঘটনার কারণে বেগ পোহাতে হয়েছে। আসন্ন ঈদে গরুবাহী যানবাহনের চাপ সামাল দেওয়াসহ নানা চ্যালেঞ্জ গ্রহণ করা হয়েছে। উভয়পাশে আলাদা মোটরসাইকেলের লেনসহ ১৮টি বুথে টোল আদায় করা হবে।

পুলিশের প্রস্তুতি

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ফিটনেসবিহীন যান চলাচলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যমুনা সেতুসহ গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ সদস্যদের সংখ্যা বাড়ানো হয়েছে। সব মিলিয়ে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ৬৫ কিলোমিটার মহাসড়কে আট শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।