জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের ১০০টি উপজেলা ও পৌরসভায় নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে ৩৩টি পৌরসভার মেয়র ও ৬৭টি উপজেলার চেয়ারম্যান পদে প্রার্থী দেওয়া হয়েছে। আজ রোববার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে প্রথম ধাপে এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
দ্বিতীয় ধাপে আরও ১০০ প্রার্থী
দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম জানান, আসন্ন ঈদুল আজহার আগে ২০ মে দ্বিতীয় ধাপে আরও ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তিনি বলেন, সারা দেশে যারা এনসিপি ও দেশের মানুষের জন্য কাজ করতে আগ্রহী, তাদের দলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হচ্ছে।
অন্য দলের আগ্রহীদের জন্যও সুযোগ
সারজিস আলম আরও জানান, অন্য কোনো রাজনৈতিক দলের পরিশ্রমী ও গ্রহণযোগ্য ব্যক্তি, যারা কখনো মানুষের ওপর নিপীড়নের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না এবং ফ্যাসিস্টদের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা বা ফৌজদারি অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না, তারা এনসিপির প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারবেন। অন্য দল থেকে আসা ব্যক্তিদের যাচাই-বাছাই করে সুযোগ দেওয়ার চেষ্টা করা হবে।
এককভাবে নির্বাচনে অংশগ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে সারজিস আলম বলেন, দল তখন পর্যাপ্ত সময় পায়নি এবং সাংগঠনিক ভিত্তি শক্তিশালী ছিল না। সেই শিক্ষা নিয়ে স্থানীয় নির্বাচনের ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। জোটগতভাবে নির্বাচন হবে নাকি এককভাবে হবে, তা নির্বাচনের আগে ঠিক হবে। তবে ২০৩৬ সালের মধ্যে সংসদে সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখে এনসিপি, তাই জোটের আশায় বসে না থেকে এককভাবে প্রার্থী ঘোষণা করা হচ্ছে।
প্রার্থী বাছাই প্রক্রিয়া
প্রথম ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করা হয়েছে। দেশের ৫০০ উপজেলা ও ৩৩০টি পৌরসভা থেকে প্রথম ধাপে হাজারের বেশি আবেদন জমা পড়েছিল। বারবার যাচাই-বাছাই ও পুঙ্খানুপুঙ্খ নিরীক্ষার পর প্রাথমিকভাবে ১০০ জনের নাম ঘোষণা করা হয়।
সিটি করপোরেশন নির্বাচন
এর আগে গত ২৯ মার্চ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করে এনসিপি। শিগগিরই অন্য আটটি সিটি করপোরেশনে প্রার্থী দেওয়া হবে। আজকের সংবাদ সম্মেলনে বর্তমান সরকারের কাছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়।
প্রার্থীদের তালিকা
সংবাদ সম্মেলনে রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। নিচে বিভাগভিত্তিক প্রার্থীদের তালিকা দেওয়া হলো।
রংপুর বিভাগ
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় মো. হাবিবুর রহমান ও বোদা উপজেলায় শিশির আসাদকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী করা হয়েছে। একই জেলার দেবীগঞ্জ পৌরসভার মেয়র পদে প্রার্থী মাসুদ পারভেজ। ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলা চেয়ারম্যান পদে গোলাম মূর্তজা সেলিম। দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলায় ইমরান চৌধুরী ও বোচাগঞ্জ উপজেলায় মাওলানা এম এ তাফসীর হাসানকে মনোনীত করা হয়েছে। একই জেলার ফুলবাড়ি পৌরসভায় শিহাব হোসেন, ঘোড়াঘাট পৌরসভায় মো. আব্দুল মান্নান ও হাকিমপুর পৌরসভায় মো. রায়হান কবির মেয়র প্রার্থী। নীলফামারী জেলার সদর উপজেলায় মো. কামরুল ইসলাম দর্পণ ও জলঢাকা উপজেলায় আবু সাঈদ লিয়ন চেয়ারম্যান প্রার্থী। কুড়িগ্রাম জেলার সদর পৌরসভার মেয়র পদে মাসুম মিয়া। লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় শাহ সুলতান নাসির উদ্দিন আহমেদ। রংপুর সদর উপজেলায় কৃষ্ণ চন্দ্র বর্মণ ও গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় মো. খাদেমুল ইসলাম চেয়ারম্যান প্রার্থী।
রাজশাহী বিভাগ
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় মো. আতিকুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় আবু মাসুদ চেয়ারম্যান প্রার্থী। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় নিশাদ আহমেদ, বদলগাছি উপজেলায় আসাদ নওশের ও পোড়শা উপজেলায় গোলাম মোস্তাফা। একই জেলার ধামইরহাট পৌরসভার মেয়র পদে মাহফুজর রহমান চৌধুরী। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় মো. জাহাঙ্গীর আলম ও সদর উপজেলায় এ এম জেড শাহারিয়ার চেয়ারম্যান প্রার্থী। একই জেলার দুপচাঁচিয়া পৌরসভায় মো. আবু বক্কর সিদ্দিক ফকির। নাটোর জেলার সদর পৌরসভায় আব্দুল মান্নান। পাবনা জেলার চাটমোহর পৌরসভায় খন্দকার আক্তার হোসেন লেবু। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় মোশারফ আদনান ও পৌরসভায় আবদুল্লাহ আল মামুন লিয়ন।
সিলেট বিভাগ
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় কামাল আহমেদ ও সদর পৌরসভায় মাহবুবুল বারি চৌধুরী মুবিন। মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় খালেদ হাসান ও কুলাউড়া উপজেলায় আবু রুকিয়ান। সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় উবায়েদ আহমেদ, কানাইঘাটে বুরহান উদ্দিন ইউসুফ, ওসমানীনগরে হাজি মোহাম্মদ মোশাহিদ আলী, জৈন্তাপুরে মো. জাকারিয়া লাদেন ও গোয়াইনঘাটে মনসুরুল হাসান নগরী।
ময়মনসিংহ বিভাগ
শেরপুর জেলার সদর উপজেলায় মো. লিখন মিয়া ও পৌরসভায় মো. নূর ইসলাম। জামালপুর সদর উপজেলায় আবু সাইদ মো. শামিম। নেত্রকোনা জেলার বারহাট্টায় শফিকুল হক চৌধুরী বাবলু, খালিয়াজুরিতে মোহাম্মদ মুশফিকুর রহমান ও পৌরসভায় মো. সোহাগ মিয়া প্রীতম। ময়মনসিংহ জেলার তারাকান্দায় শহিদুল ইসলাম, ভালুকায় নুরুল ইসলাম, হালুয়াঘাটে মো. আবু রেহান ও ধোবাউড়ায় মোহাম্মাদ সাইফুল্লাহ।
ঢাকা বিভাগ
ঢাকা জেলার সাভারে সালামত উল্লাহ রনি। কিশোরগঞ্জ সদর উপজেলায় আহনাফ সাঈদ খান, তাড়াইলে ইকরাম হোসেন ও করিমগঞ্জ পৌরসভায় খায়রুল কবির। মানিকগঞ্জ সদরে মো. আরিফুল ইসলাম ও দৌলতপুরে মো. আবু আবদুল্লাহ। টাঙ্গাইলের কালিহাতীতে মেহেদি হাসান ও পৌরসভায় মাসুদুর রহমান, ভূঞাপুরে হাসান ইমাম তালুকদার ও সখীপুরে মাওলানা আনছার আলী। নরসিংদী সদরে সাইফ ইবনে সারওয়ার। গাজীপুরের কালীগঞ্জে মো. শোয়েব মিয়া। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মো. তুহিন মাহমুদ। মুন্সিগঞ্জের সিরাজদিখানে আলী নেওয়াজ। ফরিদপুরের নগরকান্দায় মো. রেজাউল করিম ও পৌরসভায় মুহাম্মাদ নাজমুল হুদা ও ফরিদপুর পৌরসভায় সাইফ খান। মাদারীপুর পৌরসভায় মোহাম্মদ হাসিবুল্লাহ। গোপালগঞ্জ পৌরসভায় ফেরদৌস আমিনা।
খুলনা বিভাগ
কুষ্টিয়ার কুমারখালীতে আবুল হাশিম ও ভেড়ামারায় মো. জান্নাতুল ফেরদাউস। বাগেরহাটের চিতলমারীতে ইশতিয়াখ হোসেন ও ফকিরহাটে লাবিব আহমেদ ও পৌরসভায় সৈয়দ মোর্শেদ আনোয়ার ও মোংলায় মো. রহমাতুল্লাহ। যশোরের বাঘারপাড়ায় ইয়াহিয়া জিসান ও নোয়াপাড়া পৌরসভায় মো. শাহজাহান কবির। খুলনার চালনা পৌরসভায় এস এম এ রশিদ। চুয়াডাঙ্গা সদরে খাজা আমিরুল বাশার ও জীবননগর পৌরসভায় সোহেল পারভেজ। মেহেরপুরের গাংনী পৌরসভায় সাকিল আহমেদ। ঝিনাইদহ পৌরসভায় তারেকুল ইসলাম।
বরিশাল বিভাগ
বরিশালের বাবুগঞ্জে ফরিদ আহমেদ। ভোলা সদরে জিয়াউর রহমান। পিরোজপুরের নেছারাবাদে খান মো. বাকী বিল্লাহ ও জিয়ানগরে মো. নাজমুল ইসলাম ও পৌরসভায় মো. মাইনুল আহসান মুন্না। ঝালকাঠির রাজাপুরে মো. আরিফুর রহমান।
কুমিল্লা বিভাগ
কুমিল্লার হোমনা পৌরসভায় মো. রাজু সরকার ও ব্রাহ্মণপাড়ায় মো. জহিরুল ইসলাম সরকার। চাঁদপুর সদরে মো. জসিম গাজী ও মতলব উত্তরে মো. ইদ্রিস আলী প্রধানীয়া। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মো. আমিনুল হক চৌধুরী, বাঞ্ছারামপুরে মোহাম্মদ মাইনুদ্দিন ও আশুগঞ্জে আমিরুল ইসলাম ডালিম।
চট্টগ্রাম বিভাগ
কক্সবাজার সদরে শফিকুল ইসলাম, উখিয়ায় মো. হোসাইন ও পৌরসভায় রাইয়্যান কাশেম। চট্টগ্রামের আনোয়ারায় জোবাইরুল আলম মানিক। নোয়াখালীর হাতিয়ায় ইউসুফ রেজা ও পৌরসভায় মুহিবুর রহমান ও নোয়াখালী পৌরসভায় কাজী মাইনুদ্দিন তানভীর। ফেনীর সোনাগাজীতে মো. সুজা উদ্দিন। লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় মোহাম্মাদ ইব্রাহীম খলিল।



