রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রাসিকের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামানকে সঙ্গে নিয়ে সড়ক বাতির উৎপাদন ও প্রযুক্তি দেখতে ১১ দিনের সফরে ফ্রান্সে যেতে চেয়েছিলেন। এজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনাপত্তির (এনওসি) আবেদন করেছিলেন। শেষপর্যন্ত রাসিক প্রশাসকের ফাইলটি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছিল। গত ৭ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান রাসিক প্রশাসকের বিদেশ সফরের প্রস্তাব নাকচ করেছেন।
প্রধানমন্ত্রীর ফুট নোট
প্রদত্ত ফুট নোটে তিনি লিখেছেন, প্রযুক্তিগত জ্ঞান অর্জনের সঙ্গে যুক্ত নন, এমন কারো বিদেশ সফরের কোনো গুরুত্ব নেই। প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রকৌশলী যেতে পারেন, তবে প্রশাসক যাবেন না। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রশাসকের ফ্রান্স সফর নাকচের বিষয়ে রাসিকের সচিবালয়কে অবহিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে রাসিক সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
সফরের পটভূমি
স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, নেদারল্যান্ডসের সড়কবাতি উৎপাদনকারী প্রতিষ্ঠান সিগনিফাই বাংলাদেশের আমন্ত্রণে ও খরচে ফ্রান্সে অবস্থিত সিগনিফাই আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন্স সেন্টার (এএলএসি) পরিদর্শন এবং সড়ক বাতির বিদ্যুৎসাশ্রয়ী প্রযুক্তি দেখতে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবিএম আসাদুজ্জামান সুইটের প্রস্তাব পাঠানো হয় গত ১১ মে।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের পাঠানো চিঠিতে প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও প্রকৌশলী আসাদুজ্জামান ২০ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ১১ দিনের ফ্রান্স সফরের বিষয়ে সরকারি পত্র (জিও) জারির অনুরোধ পাঠানো হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের কাছে। স্থানীয় সরকার বিভাগ থেকে প্রস্তাবটি অনুমোদন ও অনাপত্তি চেয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়। গত ৭ জুন প্রধানমন্ত্রী রাসিক প্রশাসকের ফ্রান্স সফরের প্রস্তাব নাকচ করে সংক্ষিপ্ত নোট দেন। প্রধানমন্ত্রীর প্রেস বিভাগ থেকে বিষয়টি সোমবার প্রকাশ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর নোটের সারাংশ
সংশ্লিষ্ট সূত্রমতে, সংক্ষিপ্ত নোটে প্রধানমন্ত্রী লিখেছেন, এ বিষয়ে কোনো প্রকৌশলী জ্ঞান আহরণ করলে তা রাজশাহী সিটি করপোরেশনের কাজে লাগবে। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক প্রকৌশলী নন। বিধায় তার বিদেশ সফর কোনো গুরুত্ব বহন করে না। তবে প্রকৌশলী যেতে পারেন।



