রাজহাঁসের ঠোকরে কাপড় ছেঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৩
রাজহাঁসের ঠোকরে কাপড় ছেঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৩

বরিশালের মেহেন্দীগঞ্জে রাজহাঁসের ঠোকরে কাপড় ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। রোববার (৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার লতা ইউনিয়নের ভোঙ্গা গ্রামের চৌকিদার বাড়িতে এই ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের আব্দুর রব চৌকিদারের ৫-৬টি রাজহাঁস একই বাড়ির জয়নাল চৌকিদারের স্ত্রী রুনু বেগমের কাপড় ছিঁড়ে ফেলে। এ ঘটনার পর কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।

আহত জয়নাল চৌকিদারের বক্তব্য

আহত জয়নাল চৌকিদার জানান, ওই দিন বিকালে তার স্ত্রী রুনু বেগম বাইরে গেলে আব্দুর রব চৌকিদারের কয়েকটি রাজহাঁস তাকে ঘিরে ধরে এবং ঠোকর দিয়ে তার কাপড় ছিঁড়ে ফেলে। পরে রুনু বেগম বিষয়টি আব্দুর রব চৌকিদারের স্ত্রী শাহনাজ বেগমকে জানিয়ে হাঁসগুলো বেঁধে রাখার অনুরোধ করেন। এতে শাহনাজ বেগম ক্ষিপ্ত হলে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংঘর্ষের রূপ

সন্ধ্যা ৬টার দিকে জয়নাল চৌকিদার বাড়ি ফিরে ঝগড়ার বিষয়টি দেখে দুই নারীকে থামানোর চেষ্টা করেন এবং আব্দুর রব চৌকিদারকে বেড়া দিয়ে হাঁস পালন করতে বলেন। এতে আব্দুর রব চৌকিদার ক্ষিপ্ত হয়ে জয়নাল চৌকিদারকে মারধর শুরু করেন। পরে জয়নাল চৌকিদারের পক্ষের লোকজন তাকে রক্ষা করতে গেলে সংঘর্ষে রূপ নেয়।

আহতদের তালিকা

এ ঘটনায় জয়নাল চৌকিদার (৫৫), তার ভাই আনোয়ার চৌকিদার (৬৫), স্ত্রী রুনু বেগম (৪৫), মেয়ে তানজিলা (২৫), ছেলে তামিম চৌকিদার (১৯) ও প্রতিবেশী সামছুল আলমসহ ৭ জন আহত হন। অন্যদিকে আব্দুর রব চৌকিদার (৫০), তার স্ত্রী শাহনাজ বেগম (৪২), মেয়ে জান্নাত (২৪), লিয়ানা (২১) এবং প্রতিবেশী আলমগীর হোসেনসহ ৬ জন আহত হন।

উদ্ধার ও অভিযোগ

আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে এ ঘটনায় উভয় পক্ষই সোমবার বিকালে কাজীরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

কাজীরহাট থানার ওসি মো. সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।