স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আজ থেকে ঘরে ফিরতে শুরু করেছে উত্তরাঞ্চলের মানুষ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কেও বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ। তবে এই মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও কোথাও যানজট দেখা যায়নি। ফাঁকা সড়কে ভোগান্তি ছাড়াই ঘরে ফিরছে মানুষ।
মহাসড়কের বর্তমান অবস্থা
রবিবার (২৪ মে) বিকাল ৪টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত কড্ডার মোড়, নলকা, হাটিকুমরুল গোল-চত্বরসহ বিভিন্ন এলাকা ঘুরে মহাসড়ক ফাঁকা দেখা যায়। সরেজমিনে দেখা যায়, যমুনা সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কে গত কয়েকদিনের চেয়ে আজকে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তবে যানবাহনের চাপ বাড়লেও যানজট বা ধীরগতি না থাকায় স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহনগুলো। এতে এবার ভোগান্তি ছাড়াই স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষজন।
বাসচালকের মতামত
হাটিকুমরুল গোলচত্বর এলাকায় কথা হয় বাসচালক সাইদুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘এই মহাসড়কে যানজট নেই। অতিরিক্ত পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। যমুনা সেতু পশ্চিমপাড়ে রাস্তা ফোর লেন চালু হয়েছে। যাত্রীরা ভালো সেবা পাচ্ছে। এখন পর্যন্ত কোনও সমস্যা নেই। আশা করা যাচ্ছে এবার ঈদে সমস্যা হবে না। সমস্যা হলে টাঙ্গাইলের এলেঙ্গায় কিছুটা হবে। সিরাজগঞ্জ অংশে যানজট নেই। সড়ক ফাঁকা।’
পুলিশের বক্তব্য
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মহাসড়কে যানবাহনের তেমন একটা চাপ নেই। তবে গত কয়েকদিনের চেয়ে আজ বিকাল ৪টার পর থেকে গাড়ির সংখ্যা কিছুটা বেড়েছে। তবে এখন পর্যন্ত সিরাজগঞ্জ মহাসড়কের কোথাও যানজট বা ধীরগতি সৃষ্টি হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে মহাসড়কে যানবাহনের চাপ আরও বাড়বে আশা করা যায়।’



