সম্প্রতি রাজধানীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 'রামিসার ঘটনা অত্যন্ত দুঃখজনক। সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়, কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে।'
ত্রিশালে খাল পুনর্খনন উদ্বোধন
শনিবার (২৩ মে) বেলা আড়াইটার দিকে ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনর্খনন কার্যক্রম উদ্বোধনের পর এক জনসভায় এসব কথা বলেন তিনি। নিজে মাটি কেটে এই পুনর্খনন কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ৪৭ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খনন করেছিলেন।
অরাজকতার বিরুদ্ধে সতর্কতা
এ সময় প্রধানমন্ত্রী বলেন, 'একটি দল দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চালাচ্ছে। তারা দেশের জনগণের কথা চিন্তা করে না। এই দল একটি ঘোলাটে পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। তারা কৃষকদের নিয়ে কথা বলে না, তারা খাল নিয়ে কথা বলে না, স্কুলের শিক্ষার্থীদের নিয়ে কথা বলে না। দেশের মানুষের কর্মসংস্থান নিয়ে কথা বলে না। যারা দেশে ঘোলাটে পরিবেশ তৈরি করতে চায়, তাদের বিষয়ে জনগণকে সজাগ থাকতে হবে।'
'অরাজকতা করলে সারা বাংলাদেশে খালকাটা কর্মসূচি, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণ বন্ধ হয়ে যাবে। তাই তাদের রুখে দিতে এখনই শপথ নিতে হবে।'
স্বৈরাচার বিদায়ের প্রসঙ্গ
তিনি বলেন, '২০২৪ সালের ৫ আগস্ট জনগণ যাদের এ দেশ থেকে বিতাড়িত করেছে তাদের সঙ্গে একটি দল তলে তলে খাতির করা শুরু করেছে। যেভাবে ৮৬ সালে করেছিল, ৯৬ সালে তাদের সঙ্গে সুন্দর সুন্দর লেজও গজিয়েছে। আমরা বাংলাদেশ থেকে স্বৈরাচার বিদায় করেছি। বাংলাদেশের জনগণ সেদিন রাজপথে নেমে এসেছিল স্বৈরাচার বিদায় করতে। যে স্বৈরাচার দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, গ্রামে উন্নয়ন বন্ধ করে দিয়েছিল।'
'বাংলাদেশের মানুষ এখন দেশ গঠন করতে চায়। নিজেদের ভাগ্য বদলাতে চায়। ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শক্তিশালী করতে হবে। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, জনগণের কথাই ভাবে বিএনপি। সেই অনুযায়ী পরিকল্পনা করে কাজ করে যাচ্ছে বিএনপি।'
এ সময় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



