শেরপুরে জমি বিরোধে সংঘর্ষে নিহত ১, আহত ১২
শেরপুরে জমি বিরোধে সংঘর্ষে নিহত ১, আহত ১২

শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু'পক্ষের সংঘর্ষে আশারাফুল ইসলাম (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনার বিবরণ

সোমবার (১৮ মে) সকালে উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নের মাদারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম খড়িয়াকাজিরচর ইউনিয়নের মাদারপুর এলাকার মৃত কালু মিয়ার ছেলে। এ ঘটনায় আশরাফুলের ভাই মাহা আলম (৫০), হাজেরাসহ উভয়পক্ষের প্রায় ১২ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতরা শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শেরপুর জেলা হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিরোধের পটভূমি

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারপুর গ্রামের ইউপি সদস্য নুরুল আমিনের সঙ্গে আশরাফুল ইসলামের দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিলো। গত শনিবার (১৬ মে) নুরুল আমিন মেম্বার তার লোকজন নিয়ে রাত ৯টার দিকে আশরাফুলের বাড়িতে হামলা চালায় ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় আশরাফুল বাদী হয়ে নুরল আমিন মেম্বারসহ ১১ জনকে আসামি করে রোববার দুপুরে শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংঘর্ষ ও হতাহত

এরই জের ধরে সোমবার সকালে আবারও নুরুল আমিন ও তার লোকজন নিয়ে আশরাফুলের বাড়িতে হামলা চালায়। এ সময় দু'পক্ষের সংঘর্ষে আশরাফুল ইসলামসহ অনেকেই গুরুতর আহত হয়। পরে আহতদের শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

প্রতিক্রিয়া

এদিকে আশরাফুলের মৃত্যুর খবর পেয়ে স্থানীয় লোকজন নুরুল আমিন মেম্বারের বাড়িতে অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ