চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ফরেস্ট গেট এলাকায় রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় মো. আজাদ (২৫) নামের এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আজাদ হামজারবাগ এলাকার হাকিম শাহ হুজুরের বাড়ির আব্দুর রশিদের ছেলে।
ঘটনার বিবরণ
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত ব্যক্তিরা গুলি করে পালিয়ে যায়। এতে সড়কে লুটিয়ে পড়েন ওই যুবক। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের বক্তব্য
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বলেন, ‘ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা লোকজনের তথ্যমতে, পাঁচলাইশ থানার ফরেস্ট গেট এলাকায় রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় পেছন থেকে অজ্ঞাত এক ব্যক্তি তাকে গুলি করে। হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের উপপুলিশ কমিশনার মোহাম্মদ হাসান মোস্তফা স্বপন জানান, ‘গুলিবিদ্ধ হয়ে আজাদ ঘটনাস্থলেই মারা গেছেন। এ ঘটনায় ইসহাক আলম নামে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’



