অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননি দুই ছাত্রী
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টির একটি চক্রের খপ্পরে পড়ে স্বর্ণালংকার, পরীক্ষার প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে পরীক্ষা দিতে পারেননি দুই পরীক্ষার্থী। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মাইজদী শহরের পৌর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কারা?

ভুক্তভোগী দুই ছাত্রী নোয়াখালী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী। তাঁদের পরীক্ষাকেন্দ্র ছিল সোনাপুর কলেজ। পুলিশ ও ছাত্রীদের পরিবারের সদস্যরা জানান, দুই এইচএসসি পরীক্ষার্থী একই এলাকার বাসিন্দা এবং ঘনিষ্ঠ বান্ধবী।

ঘটনার বিবরণ

আজ সকালে তাঁরা পরীক্ষাকেন্দ্রে যাওয়ার জন্য সোনাপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটি পৌরবাজার পৌঁছালে একই অটোরিকশায় থাকা অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাঁদের অচেতন করে ফেলেন। এ সময় প্রতারক চক্রের সদস্যরা ছাত্রীদের সঙ্গে থাকা সোনার গয়না, টাকাপয়সা, পরীক্ষার প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যান। অটোরিকশাচালক বিষয়টি বুঝতে পেরে যেখান থেকে ছাত্রীরা উঠেছিলেন সেখানে নিয়ে যান। পরে স্থানীয় লোকজন পরিবারের সদস্যদের খবর দিলে তাঁরা দুই ছাত্রীকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় তাঁরা নির্ধারিত এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

জানতে চাইলে দুই এইচএসসি পরীক্ষার্থীর অজ্ঞান পার্টির খপ্পরে পড়ার বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। প্রথম আলোকে তিনি বলেন, তাঁরা ঘটনাটি লোকমুখে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। কিন্তু পরিবারের পক্ষ থেকে থানায় কিছু জানানো হয়নি। ঘটনার সঙ্গে জড়িত চক্রটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে পরিবারের অভিযোগের আলোকে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ