পুঠিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বুধবার (১৭ জুন) বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নকুলবাড়িয়া গ্রামের ধোপাপাড়া এলাকার মৃত ইয়াছিন প্রামাণিকের ছেলে আব্দুল খালেক প্রামাণিক (৬৫) ও হাছেন প্রামাণিক। আহতরা হলেন- হাতেমের ছেলে লালন এবং মৃত জালালের ছেলে লাল্টু। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশায় থাকা চার যাত্রী নকুলবাড়িয়া এলাকার একটি মসজিদের জন্য মাইক কেনার উদ্দেশ্যে রাজশাহী শহরের দিকে যাচ্ছিলেন। অপরদিকে একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বানেশ্বর এলাকায় পৌঁছালে ট্রাক ও অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং অপর দুইজন গুরুতর আহত হন।
পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রাহমান জানান, ঘটনাস্থলে একজন নিহত হন। এ সময় আরও তিনজন গুরুতর আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে হাছেন মারা যান। ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



