লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে শিশু নন্দিনী হত্যার ঘটনায় তার বাবা নলিনী কান্ত মামলা করেছেন। আসামি করা হয়েছে পুলিশের হাতে আটক বিধান চন্দ্রসহ তার বাবা ও মাকে।
ঘটনার বিবরণ
সোমবার নিখোঁজ হয় নন্দিনী। মঙ্গলবার সকালে বাড়ির পাশের ভুট্টাখেতে মাটির নিচ থেকে নন্দিনীর বস্তাবন্দি লাশ উদ্ধার হয়। এ ঘটনা কেন্দ্র করে ফলিমারী গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়।
হত্যার দায় স্বীকার
বুধবার বিকালে হত্যার দায় স্বীকার করে বিধান চন্দ্র আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এর আগে জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
মবের হামলা ও মামলা
ঘটনার দিন দুই আসামিকে মব তৈরির মাধ্যমে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলেও জানিয়েছেন পুলিশ সুপার। এ ঘটনায় জেলা পুলিশ ও জেলা প্রশাসন পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছে।
পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল থেকে আটক ব্যক্তিদের নিয়ে আসার সময় আমরা মবের শিকার হই। আমরা ফুটেজ বিশ্লেষণ করে এ ঘটনায় জড়িত প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসব।
আইনি প্রক্রিয়া
আদিতমারী থানার উপপরিদর্শক সরদার তাজরুল ইসলাম জানিয়েছেন, হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে বিধান ও তার বাবাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মঙ্গলবার রাত ১১টায় ময়নাতদন্ত শেষে নন্দিনীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে রাতেই শেষকৃত্য সম্পন্ন হয়।



