সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্রে বেড়াতে গিয়ে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর সোয়া ২টায় জিরোপয়েন্টের বিজিবি ক্যাম্পের সামনে ধলাই নদীর উৎসমুখে এ ঘটনা ঘটে।
নিখোঁজ পর্যটকের পরিচয়
নিখোঁজ ওই পর্যটকের নাম সুব্রত সাহা বিকাশ (৩৩)। পেশায় তিনি একজন চিকিৎসক। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার পুত্র।
ঘটনার বিবরণ
প্রত্যক্ষদর্শীরা ও কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর নিলয় জানান, ঢাকা থেকে সিলেট ভ্রমণে আসেন চার বন্ধু। তাদের একজন সুব্রত সাহা বিকাশ। বৃহস্পতিবার দুপুরে তাদের মধ্যে তিনজন সাদাপাথরে গোসল করতে নামেন। একপর্যায়ে সাঁতার কাটতে গিয়ে পানির প্রবল স্রোতের মধ্যে চলে যান তারা। এ সময় দুজন সাঁতরে নিজেদের রক্ষা করে তীরে উঠতে সক্ষম হন; কিন্তু সুব্রত সাহা স্রোতে তলিয়ে যান।
উদ্ধার অভিযান
সঙ্গে সঙ্গে তার বন্ধুদের চিৎকার শুনে সবাই এগিয়ে আসেন এবং খোঁজাখুঁজি শুরু করেন। এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধারে অভিযান শুরু করেন। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সুব্রত সাহার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ট্যুরিস্ট পুলিশের বক্তব্য
ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. আব্দুল কাইয়ুম বলেন, “নিখোঁজ পর্যটককে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান অব্যাহত রেখেছেন। ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে স্থানীয় প্রশাসন ও পুলিশ রয়েছেন।”



