সিলেটে আনসার পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, গ্রেফতারকৃতরা প্রকৃত সদস্য নয়
সিলেটে আনসার পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, গ্রেফতারকৃতরা প্রকৃত সদস্য নয়

গ্রেফতারকৃতরা প্রকৃত আনসার সদস্য নয়

সিলেটে আনসার সদস্য পরিচয়ে সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার হওয়া দুই যুবক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কোনো সদস্য নয়। সোমবার (২৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাহিনীটি।

ঘটনার বিবরণ

গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে জালালাবাদ থানার সিলেট-সুনামগঞ্জ সড়কের জাঙ্গাইল পয়েন্ট এলাকায় আনসার পরিচয়ে গাড়ি থামিয়ে ডাকাতির প্রস্তুতিকালে সাইফ আহমদ রাজ (২০) ও আকসান হাবিব (২২) নামের দুই ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত সাইফ আহমদ রাজ সিলেট নগরীর বাগবাড়ি এলাকার বাসিন্দা মরহুম এজাজ আহমদের ছেলে এবং আকসান হাবিব জালালাবাদ থানার পীরপুর এলাকার হেলাল উদ্দিনের ছেলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। জালালাবাদ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালভার্টের উপর থেকে আনসার সদস্য পরিচয়ে যানবাহন তল্লাশিকালে এই দুই যুবককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি সেট, আনসার-ভিডিপি লেখা জলপাই রঙের একটি বুলেটপ্রুফ ভেস্ট, দুটি চাবিসহ একটি হ্যান্ডকাফ, একটি ভুয়া পরিচয়পত্র ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাহিনীর অনুসন্ধান ও বক্তব্য

বাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশের পর তাৎক্ষণিক অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে যে গ্রেফতারকৃতরা বাহিনীর কোনো প্রশিক্ষণপ্রাপ্ত বা তালিকাভুক্ত সদস্য নয়। অনুসন্ধানে জানা গেছে, সাইফ আহমেদ রাজ নিজ উদ্যোগে একটি ভুয়া বুলেটপ্রুফ ভেস্ট তৈরি করে তাতে ‘আনসার-ভিডিপি’ লিখে ব্যবহার করতেন এবং তার পরিচয়পত্রটি সম্পূর্ণ ভুয়া। তিনি প্রায়ই আনসার ও ভিডিপির পোশাক পরে চলাফেরা করতেন তবে তার সঙ্গে বাহিনীর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জনসাধারণের প্রতি আহ্বান

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, কিছু অসাধু ব্যক্তি অননুমোদিতভাবে বাহিনীর ইউনিফর্ম ও সরঞ্জাম ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে, যা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ অবস্থায় কোনো ব্যক্তির কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে বাহিনীটি।