নারায়ণগঞ্জ বন্দরে এক চিহ্নিত ডাকাত সরদারের নেতৃত্বে পুলিশের টহল গাড়ির ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (২৯ জুন) ভোরে বন্দর উপজেলার তালতলা এলাকায় এ ঘটনাটি ঘটে।
টহল ডিউটির সময় হামলা
জানা গেছে, বন্দর থানার উপ-পরিদর্শক লুৎফর রহমান ফোর্স নিয়ে রাত্রিকালীন টহল ডিউটি চলাকালে বন্দরের তালতলা এলাকায় পৌঁছলে আগে থেকে উৎপেতে থাকা ডাকাত দলের সরদার মামুন ডাকাতের নেতৃত্বে অজ্ঞাত নামা ৭/৮ জনের একটি ডাকাত দল পুলিশের উপর অতর্কিত ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। ওই সময় পুলিশ ডাকাত দলকে ধরতে ধাওয়া করলে ডাকাত দলটি দ্রুত পালিয়ে যায়।
গ্রেপ্তারের জেরে হামলা
বন্দর থানা পুলিশ পরিদর্শক আনিছুর রহমান শিপলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত শনিবার রাতে বন্দর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে থানার রামনগর এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সরদার মামুনের সহযোগী ডাকাত ওমর ফারুককে গ্রেপ্তার করে এর জের ধরে ডাকাতরা পুলিশের উপর হামলা চালিয়েছে।



