ঢাকায় বৃষ্টিতে হাঁটুপানি, শেওড়াপাড়ায় পরীক্ষা স্থগিত
ঢাকায় বৃষ্টিতে হাঁটুপানি, শেওড়াপাড়ায় পরীক্ষা স্থগিত

রাজধানী ঢাকায় গতকাল শনিবার গভীর রাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত টানা বৃষ্টি চলেছে। ভোর থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি, যা সকাল সাতটা পর্যন্ত অঝোরে ঝরে। এই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমে যায়, কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানি দেখা গেছে।

শেওড়াপাড়ায় অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত

শেওড়াপাড়া ওয়াসা রোডে বৃষ্টির কারণে রাস্তায় হাঁটুপানি জমে। শ্যাওড়াপাড়ার বাসিন্দা নজরুল ইসলাম জানান, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ শেওড়াপাড়া শাখা-৩-এর সামনের প্রধান সড়ক ও আশপাশের অলিগলি পানিতে ডুবে গেছে। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধবার্ষিক পরীক্ষা চলছে। এই পরিস্থিতিতে সকালে শিক্ষার্থীদের স্কুলে পাঠানো নিয়ে অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা প্রতিষ্ঠানের শিক্ষকসহ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আজকের পরীক্ষা স্থগিত করার অনুরোধ জানান। পরে কর্তৃপক্ষ শেওড়াপাড়া শাখা তিনের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করে।

কারওয়ান বাজার ও অন্যান্য এলাকায় পানিবন্দী

রাজধানীর কারওয়ান বাজারেও রাস্তায় পানি জমেছে। সকালে কারওয়ান বাজারে কর্মস্থলে আসার পথে বিপত্তিতে পড়েন সাংবাদিক অনিন্দ্য সাইমুম। সাড়ে ৬টার দিকে তিনি আদাবর থেকে রওনা দেন। মোহাম্মদপুর থানার সামনে, ধানমন্ডি ২৭ নম্বর ও ৩২-এর পেছনে রাস্তায় প্রায় হাঁটুপানি জমে যায়। এই পানি পার হয়ে বৃষ্টিতে ভিজে কর্মস্থলে এসেছেন তিনি। কলাবাগান থেকে কর্মস্থল কারওয়ান বাজারে আসার পথে ভোগান্তিতে পড়েন আরেক সংবাদকর্মী শারমিন চৌধুরী। গ্রিনরোড ও পান্থপথে হাঁটুপানি জমতে দেখেছেন তিনি। কলাবাগানের ভেতরের রাস্তাগুলোতেও হাঁটুপানি জমেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিভিন্ন এলাকায় পানির উচ্চতা

সকাল সাড়ে ৬টার পরে রাজধানীর গ্রিনরোড, তেজতুরী বাজার, পান্থপথ, মণিপুর, বসুন্ধরা আবাসিক এলাকা, ধানমন্ডি ২৭, ধানমন্ডি ৩২, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় রাস্তায় কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানি দেখা গেছে। শেওড়াপাড়া ওয়াসা রোডেও বৃষ্টিতে রাস্তায় হাঁটুপানি জমে।