চীনা পর্যটককে হেনস্তা: কনটেন্ট ক্রিয়েটর আবদুল মাবুত গ্রেপ্তার
চীনা পর্যটককে হেনস্তা: কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে ঘুরতে আসা এক চীনা পর্যটককে হেনস্তা করে ভিডিও ধারণ ও তা ফেসবুকে প্রচারের অভিযোগে এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ। গত শনিবার ভাইরাল হওয়া ওই ভিডিওকে কেন্দ্র করে সমালোচনার সৃষ্টি হলে পুলিশ তদন্তে নামে। সোমবার দুপুরে জয়পুরহাট জেলার মাঝিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ও মামলা

গ্রেপ্তার আবদুল মাবুতের (৪০) বাড়ি জয়পুরহাটের চণ্ডীপুর গ্রামে। ফেসবুকে তিনি ‘হিরো নানা’ নামে পরিচিত। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও শান্তিভঙ্গের উদ্দেশ্যে অপমানের অভিযোগে আজ সোমবার সন্ধ্যায় বদলগাছী থানায় মামলা হয়েছে। মামলার পর তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

ঘটনার বিবরণ

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শনে আসেন এক চীনা পর্যটক। এ সময় তাঁর ভাষাগত সীমাবদ্ধতার সুযোগ নিয়ে বিভিন্ন ব্যক্তিগত ও অস্বস্তিকর প্রশ্ন করা হয় এবং পুরো ঘটনাটির ভিডিও ধারণ করা হয়। পরে প্রায় ৩০ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশের পর স্থানীয় বাসিন্দা, পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাঁদের অভিযোগ, ফেসবুকে জনপ্রিয়তা ও ভিউ বাড়ানোর উদ্দেশ্যে বিদেশি পর্যটকের সঙ্গে এমন আচরণ করা হয়েছে, যা দেশের পর্যটন খাত ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিক্রিয়া

অভিযুক্ত আবদুল মাবুতের ছেলে রাফি বলেন, ‘আমার বাবা বিষয়টির গুরুত্ব বুঝতে পারেননি। মজার ছলে ভিডিওটি করা হয়েছিল।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পাহাড়পুর বৌদ্ধবিহার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টডিয়ান মোহাম্মদ ফজলুল করিম বিষয়টি জানতে পেরে ট্যুরিস্ট পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরে তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। ফজলুল করিম বলেন, এ ধরনের ঘটনা পাহাড়পুর বৌদ্ধবিহারের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর। বিষয়টি জানার পরপরই ট্যুরিস্ট পুলিশের সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

পুলিশের বক্তব্য

পাহাড়পুর ট্যুরিস্ট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আবদুল মাবুতকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্যুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) মেজবাউল হক বাদী হয়ে বদলগাছী থানায় মামলা করেছেন।

বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, চীনা পর্যটককে হেনস্তার অভিযোগে একজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।