দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্ত দিয়ে এক নারীসহ চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই চার ব্যক্তি সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
ঘটনার সময় ও স্থান
শনিবার (১১ জুলাই) ভোর সাড়ে ৫টায় ফুলবাড়ী-২৯ বিজিবির অধীনস্থ দাইনুর বিওপির ৩১৫নং সীমানা পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিদের পরিচয়
স্থানীয় সূত্রে জানা গেছে, শূন্যরেখায় অবস্থানকারী চার ব্যক্তি হলেন- নড়াইল জেলার কালিয়া থানার পাঁচ কামনে গ্রামের মৃত তোরাব মোল্লার ছেলে গনি মোল্লা (৩৫), খুলনা সদর উপজেলার কারিকারপাড়া গ্রামের মাসুদ মোল্লার ছেলে বাবুল মোল্লা (৫০), তার স্ত্রী সুখী মোল্লা (৩৫) ও ছেলে জিহাদ মোল্লা (১৫)। গত দুবছর আগে তারা কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন। পরবর্তীতে বাংলাদেশে আসার সময় ভারত পুলিশ কর্তৃক আটক হয়ে সেখানে দুমাস কারাগারে ছিলেন।
বিজিবির বক্তব্য
বিজিবির ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ জামান বলেন, বিজিবির টহল দলের চোখ ফাঁকি দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করেছিল। তাদেরকে শূন্যরেখায় আটকে দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে তারা কোন দেশের নাগরিক বিষয়টি নিশ্চিত হতে আমরা কাজ করছি। এ বিষয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। বৈঠক শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।



