বরিশালের বানারীপাড়ায় বালুবোঝাই ভাল্কহেডের ধাক্কায় কচা নদীর ব্রিজ ভেঙে পড়েছে। এ ঘটনায় ২৪ ঘণ্টা ধরে পিরোজপুরের সঙ্গে উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। শনিবার (২৭ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
সৈয়দ বজলুল হক কলেজের সহযোগী অধ্যাপক মো. আক্তারুজ্জামান বিপ্লব যুগান্তরকে জানান, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে বানারীপাড়া সন্ধ্যা নদী থেকে বালু নিয়ে আসা একটি ভাল্কহেড তার বাড়িসংলগ্ন কচা নদীর ব্রিজে সজোরে ধাক্কা দেয়। এতে ব্রিজের একপ্রান্তের তৃতীয় পিলার বাকা হয়ে একটি স্প্যান বালুবাহী ভাল্কহেডের ওপর পড়ে যায়। ভাল্কহেডে থাকা সাড়েং ও সুকানিসহ পাঁচ শ্রমিক নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচে যান।
যোগাযোগ বিচ্ছিন্ন ও ভোগান্তি
ভাল্কহেডের ধাক্কায় কচা নদীর ওপর দুই জেলার সংযোগ সড়কের ব্রিজটি ভেঙে পড়ায় পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার মিয়ারহাট হয়ে পিরোজপুর জেলার সড়ক যোগাযোগ গত ২৪ ঘণ্টা ধরে বিচ্ছিন্ন রয়েছে। এ কারণে ওই সড়কের যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
প্রতিকারের উদ্যোগ
উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমান যুগান্তরকে বলেন, ব্রিজের একটি স্প্যান নদীতে ভেঙে পড়ার খবর পেয়ে রাতেই একজন উপ-সহকারী প্রকৌশলীকে সেখানে পাঠানো হয়েছে। সরেজমিন পরিদর্শনপূর্বক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে ভাল্কহেডের বিরুদ্ধে ক্ষতিপূরণ আদায় ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।



