সাদাপাথরের ধলাই নদীতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
সাদাপাথরে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথরের ধলাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক ডা. সুব্রত সাহা বিকাশের (৩৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে স্থানীয় এক মাঝি ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কারের নিকটে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

দুর্ঘটনার বিবরণ

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সুব্রত সাহা তার চার বন্ধুর সঙ্গে সাদাপাথরে ঘুরতে আসেন। তারা ধলাই নদীতে গোসল করতে নামলে স্রোতের টানে তলিয়ে যান সুব্রত। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে।

ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজনের সমন্বয়ে উদ্ধার অভিযান চালানো হয়। কয়েক ঘণ্টা চেষ্টার পরও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজের প্রায় সাড়ে ১৮ ঘণ্টা পর শুক্রবার সকালে রুবেল মিয়া নামের এক মাঝি ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কারের কাছে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জগৎ জ্যোতি জানান, আজ সকালে ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কারের ৩ নম্বর পিলারের কাছে স্থানীয় এক মাঝি পর্যটক সুব্রত সাহার লাশ দেখতে পান। খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

প্রশাসনের সতর্কতা

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, পর্যটকদের সতর্ক করা হলেও অতিউৎসাহী হয়ে অনেকে লাইফ জ্যাকেট না পরেই পানিতে গোসল করতে নামেন। ফলে দুর্ঘটনা ঘটছে। সাদা পাথরে আগত পর্যটকদের নিরাপত্তার স্বার্থে লাইফ জ্যাকেট পরে পানিতে নামার অনুরোধ জানান তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ