ব্রাহ্মণবাড়িয়ায় চাচা-চাচাতো বোনের ইটপাটকেল হামলায় নারী নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় চাচা-চাচাতো বোনের হামলায় নারী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তুচ্ছ ঘটনায় চাচা ও চাচাতো বোনের ইটপাটকেল হামলায় জাহানারা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিচয় ও ঘটনার বিবরণ

নিহত জাহানারা বেগম (৪৮) নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর মধ্যপাড়ার মৃত গোলাম মাওলার মেয়ে এবং একই এলাকার ইলিয়াস মিয়ার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বাবার বাড়ির পাশেই স্বামীর বাড়িতে থাকতেন। একই এলাকার বাসিন্দা কুদ্দুস মিয়া (৫৫) সম্পর্কে জাহানারার চাচা হন।

দীর্ঘদিনের মনোমালিন্য

পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই জাহানারার বাবার বাড়ির পরিবারের সঙ্গে চাচা কুদ্দুস মিয়ার পরিবারের মনোমালিন্য চলে আসছিল। রোববার বেলা সাড়ে ১১টার দিকে চাচা কুদ্দুস মিয়ার সঙ্গে জাহানারার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কুদ্দুস মিয়ার মেয়ে রোমানা বেগমের সঙ্গে জাহানারার চুল ধরে টানাটানির ঘটনা ঘটে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইটপাটকেল হামলা

পরে চাচা কুদ্দুস মিয়া ও চাচাতো বোন রোমানাসহ তাদের পরিবারের লোকজন জাহানারাকে উদ্দেশ করে ইটপাটকেল নিক্ষেপ করেন। আঘাতপ্রাপ্ত হয়ে জাহানারা ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের কার্যক্রম

খবর পেয়ে দুপুরে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নাসিরনগর থানার ওসি মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য থেকে কথা কাটাকাটির জেরে একপক্ষ আরেকপক্ষকে ঢিল ছোড়ে। এতে জাহানারা আহত হন। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। একইসঙ্গে আসামি ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ফারুক মিয়া জানান, নিজেদের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে বিষয়টি জানতে পাশের এক চাচার বাড়িতে যান জাহানারা বেগম। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে তার ওপর ঢিল ছোড়া হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।