ফতুল্লায় থানা থেকে লুট হওয়া শটগানসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার ১
ফতুল্লায় থানা থেকে লুট হওয়া শটগানসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় জুলাই গণ-অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি শটগান ও তিনটি কার্তুজসহ একজনকে আটক করেছে র‍্যাব। শনিবার রাত ১০টার দিকে সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। র‍্যাব-১১-এর (অপস) কর্মকর্তা ক্যাপ্টেন রওনক এরফান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটক ব্যক্তির পরিচয়

আটক ব্যক্তির নাম পলাশ হোসেন ওরফে আকাশ (৩২)। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম লামাপাড়া শিবু মার্কেট দরগাবাড়ী এলাকার মৃত জালাল মোল্লার ছেলে।

অভিযানের বিবরণ

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি দল ফতুল্লা এলাকায় টহল চলাকালে জানতে পারে, পলাশ হোসেন থানা থেকে লুট হওয়া একটি শটগান ও কার্তুজ গোপনে সংরক্ষণের উদ্দেশ্যে সস্তাপুর এলাকায় নিয়ে এসেছেন। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাঁকে তল্লাশি করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি শটগান ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অস্ত্রের উৎস ও আইনানুগ ব্যবস্থা

প্রাথমিকভাবে র‍্যাবের ধারণা, উদ্ধার হওয়া অস্ত্রটি জুলাই গণ-অভ্যুত্থানের সময় যাত্রাবাড়ী থানা থেকে লুট করা হয়েছিল। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ